Advertisement
E-Paper

আবার নয়ডা! ইঞ্জিনিয়ারের পরে খাড়িতে পড়ে মৃত্যু তিন বছরের শিশুর, মামাবাড়িতে বেড়াতে এসে বিপত্তি

তিন বছরের দেবাংশের বাড়ি উত্তরপ্রদেশের বুলন্দশহরে। মা অঞ্জলির সঙ্গে দালেলগড়ে মামাবাড়িতে বেড়াতে এসেছিল সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫
নয়ডার এই খাড়িতে পড়ে মৃত্যু তিন বছরের দেবাংশের।

নয়ডার এই খাড়িতে পড়ে মৃত্যু তিন বছরের দেবাংশের। — ফাইল চিত্র।

নয়ডায় এ বার জলপূর্ণ খাড়িতে পড়ে প্রাণ হারাল তিন বছরের এক শিশু। শনিবার গ্রেটার নয়ডার দালেলগড় গ্রামে এই ঘটনা হয়েছে। এর পরেই স্থানীয়েরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। গত মাসেই নয়ডায় অফিস থেকে বাড়ি ফেরার সময় একটি খাড়িতে গাড়ি নিয়ে পড়ে যান এক ইঞ্জিনিয়ার। সেখানেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন বছরের দেবাংশের বাড়ি উত্তরপ্রদেশের বুলন্দশহরে। মা অঞ্জলির সঙ্গে দালেলগড়ে মামাবাড়িতে বেড়াতে এসেছিল সে। বাড়ির কাছে মন্দিরে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানেই গিয়েই বিপত্তি ঘটে। খেলতে গিয়ে মন্দিরের কাছে একটি খাড়িতে পড়ে যায় শিশুটি। বৃষ্টির জলে ভরে ছিল খাড়ি। সঙ্গে সঙ্গে স্থানীয়েরা তাকে সেখান থেকে তোলার চেষ্টা করেন।

শিশুটিকে যখন সেখান থেকে তোলা হয়, তখন তার শরীরে আর প্রাণ ছিল না। স্থানীয়দের অভিযোগ, বহু দিন ধরে ওই গর্তটি সেখানে খোলা পড়ে রয়েছে। তাতে বৃষ্টির জল ভরে তৈরি হয়েছে বিপত্তি। এই নিয়ে বার বার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে লাভ হয়নি। নয়ডার সেক্টর ১৫০-এ ইঞ্জিনিয়ারের মৃত্যুর পরেও প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের।

গত ১৬ জানুয়ারি রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় নয়ডার খাড়িতে পড়ে যায় যুবরাজ মেহতার গাড়ি। তিনি বাবাকে ফোনে খবর দেন। পুলিশ এবং দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছোলেও তাঁকে উদ্ধার করা যায়নি। ঠান্ডার রাতে খাড়িতেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy