Advertisement
E-Paper

নিয়ম মানতে হবে ডিলারদের: ডিসি

খাদ্য সুরক্ষা প্রকল্পে চালের দাম বা পরিমাণ ডিলাররা নিজেদের মর্জিমতো স্থির করতে পারেন না। ৩ টাকা দরে কার্ডপিছু পাঁচ কিলোগ্রাম করে চাল তাঁদের দিতেই হবে। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৩১

খাদ্য সুরক্ষা প্রকল্পে চালের দাম বা পরিমাণ ডিলাররা নিজেদের মর্জিমতো স্থির করতে পারেন না। ৩ টাকা দরে কার্ডপিছু পাঁচ কিলোগ্রাম করে চাল তাঁদের দিতেই হবে। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রেশন ডিলারদের নানা দাবি-দাওয়া শুনেও কাছাড়ের জেলাশাসক এস বিশ্বনাথন আজ এ কথা জানিয়ে দিয়েছেন।

কয়েক দিন থেকে অভিযোগ আসছিল, খাদ্য সুরক্ষা প্রকল্পে কোথাও সাড়ে ৪ কিলোগ্রাম চাল দেওয়া হচ্ছে, কোথাও কিলোগ্রাম প্রতি দাম ৪ টাকা রাখা হচ্ছে। কেন এমন হচ্ছে, এক জায়গায় এক ব্যাখ্যা দিচ্ছেন ডিলাররা। প্রতি দিন এ ধরনের প্রচুর অভিযোগ পেয়ে কাছাড়ের জেলাশাসক এস বিশ্বনাথন এ দিন জেলার সমস্ত ডিলার-এজেন্টদের বৈঠকে ডাকেন।

ডিলার সংস্থার সভাপতি গৌরাচাঁদ রায় জানান, প্রকল্পটি চালু হওয়ায় তাঁদের লাভের পরিমাণ কমে গিয়েছে। আগের মতো উপার্জন হচ্ছে না। এমন অবস্থা যে, সংসার চালানো কষ্টকর। তাঁদের দাবি, শতাংশের হিসেব তুলে দিয়ে ডিলার-এজেন্টদের মাসিক ২০ হাজার টাকা করে বেতন দেওয়া হোক। গৌরাবাবুর সুরে সুর মিলিয়ে অন্য বক্তারাও বলেন, যে পরিবহণ খরচ বা লাভের হিসেব দেখানো হয়েছে, সে সব দিয়ে রেশন দোকান চালিয়ে যাওয়া সম্ভব নয়।

Advertisement

জেলাশাসক এস বিশ্বনাথন তাঁদের দাবি ও যুক্তি শোনেন। সব শেষে বক্তব্য রাখতে গিয়ে জানিয়ে দেন, সরকারি নিয়ম সবাইকে মেনে চলতে হবে। তিনি জানিয়ে দেন, কম চাল দেওয়া বা দাম বেশি রাখা, কোনওটিই করা যাবে না। এই ধরনের অভিযোগ এলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। আর দর বা পরিমাপ যে শুধু কাছাড় জেলার জন্য নির্ধারিত নয়, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, এ ব্যাপারে কোনও আপস নয়। শতাংশের বদলে বেতন চালু নিয়ে ডিলারদের দাবির প্রসঙ্গ তিনি পুরোপুরি এড়িয়ে যান।

বিশ্বনাথন জানান, কার্ড তৈরিতেও অনিয়ম হয়েছে। ১ লক্ষ টাকার বেশি আয়ের লোকজনও কার্ড হাতিয়ে নিয়েছে। সরকারি কর্মচারীর নামেও খাদ্য সুরক্ষা যোজনার কার্ড রয়েছে। ওই সব ব্যাপারে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে তিনি সতর্ক করে দেন। কাছাড়ের জেলাশাসক আরও জানান, এ পর্যন্ত কাছাড়ে এ ধরনের ৬ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy