ফোনের ও-পাশ থেকে ভেসে এল মায়ের গলা। শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না ছেলে। কেঁদে ফেলল ঝরঝর করে। এই ছেলে মহম্মদ কালাম ওরফে ইজাজকেই গত ২৭ নভেম্বর পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর চর সন্দেহে মেরঠ থেকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ইসলামাবাদের বাসিন্দা সে। পুলিশ সূত্রে খবর, স্থানীয় আদালতের নির্দেশে শুক্রবার পাকিস্তানে ফোন করে নিজের পরিবারের সঙ্গে কথা বলে ইজাজ। প্রায় ছ’মিনিট ধরে তার কথা হয় মা ইরশাদ বেগম এবং তিন বোনের সঙ্গে। মায়ের সঙ্গে কথা বলার সময়েই ভেঙে পড়ে ইজাজ। মাকে সে তার গ্রেফতারির খবর দেয়। সেই সঙ্গে আশ্বস্ত করে, খুব তাড়াতাড়ি সে দেশে ফিরবে। ইজাজের এই সব কথাও রেকর্ড করে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।