১. মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান?
সনাতন দিন্দা: আমি পঞ্চাশোর্ধ্ব। তবু আমার ভরসা ‘ইয়ং ব্রিগেডেই’। মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক দিন রইলেন মুখ্যমন্ত্রী হিসাবে। এ বার দেখতে চাইব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
২. দল দেখে ভোট দেন না কি প্রার্থী দেখে?
সনাতন: কোন ভোট দিচ্ছি, তার উপর নির্ভর করে। পুরসভার ভোটে প্রার্থী দেখে দিই। লোকসভা, বিধানসভায় দল দেখে।
৩. প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হলে কেমন হয়? আর জেতার পরে যদি হয় বিধায়কের প্রশিক্ষণ?
সনাতন: চাকরি পেতে যদি পরীক্ষা দিতে হয়, তবে প্রার্থী হওয়ারই বা পরীক্ষা হবে না কেন? তা ছাড়া, ধরুন যিনি মন্ত্রী হলেন, তিনি তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। নিজের বিষয়টি না জানলে নেবেন কী ভাবে? তাই ট্রেনিং জরুরি।
৪. নিজে বিধায়ক হলে কী বদলাতে চাইতেন?
সনাতন: হতাম না। রাজনীতিতে আগ্রহ নেই। তবে বদল আনার কথা হলে, প্রাথমিক স্কুল ও প্রাথমিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের খোলনলচে বদলাতাম, গাছ পুঁততাম, জলাজমি বুজিয়ে ইমারত তৈরি করা বন্ধ করতাম।
৫. আপনার পেশার জগতের কোনও অভিযোগ কি ভোট প্রচারে গুরুত্ব পাওয়া দরকার?
সনাতন: ওটা অনেক পরে। মানুষের যে প্রাথমিক প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট— এগুলো আগে চাই।
৬. নির্বাচন প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত রাখতে পারে কী কী?
সনাতন: আমি রাজনীতিজ্ঞ নই। তাই জানি না কী করলে কী হতে পারে।
৭. ঘন ঘন দলবদলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া দরকার?
সনাতন: এটা করাই উচিত নয়। যে দলের হয়ে জিতেছেন, সে দলেই থাকতে হবে। যাঁরা এটা করেন, তাঁরা আসলে ‘ধান্দা’ করছেন। তাঁদের বিধায়কপদ থেকে বাদ দেওয়া উচিত।
৮. রাজনীতিতে অপশব্দের প্রয়োগ কি জরুরি?
সনাতন: যাঁরা এটা করেন, তাঁদের পারিবারিক পরিচয়টাই প্রকাশ হয়ে পড়ে। পরিশিলীত বোধ, শিক্ষা নেই বলেই বলেন। এটাও প্রার্থীর যোগ্যতার মধ্যেই পড়া উচিত।
৯. দেশজ সংস্কৃতি, উন্নয়ন না কি সমান অধিকার— ভোট প্রচারে কোনটা বেশি গুরুত্বপূর্ণ?
সনাতন: তিনটেতেই ভাঁওতা রয়েছে। ভোটের আগে বলতে হয়, তাই বলছেন। কোনওটাই করবেন না। সেটা জনতাও বুঝে গিয়েছে। রাষ্ট্রনেতারা যা ঠান্ডাঘরে বসে ঠিক করবেন, সেটাই হবে।
১০. ভাতা-র রাজনীতি সমাজের উন্নতি করে কি?
সনাতন: যেখানে মানুষের কর্মসংস্থান নেই, সেখানে শুধু ভাতা দিয়ে একটা সমাজকে বাঁচিয়ে রাখা খুব ভাল দিক নয়।
১১. প্রায় বিরোধীশূন্য রাজনীতি কি স্বাস্থ্যকর?
সনাতন: এটা তো মানুষের সিদ্ধান্ত। কোনও সরকার যদি সত্যিই উন্নয়নমূলক কাজ করে থাকে, তবে কেউ বিরোধী পক্ষে থাকবেন না। সরকার পক্ষে থাকবেন।
১২. তারকারা কি ভোট টানার শর্টকাট?
সনাতন: তারকারা ভাল কথা বলতে পারেন। তাঁদের দেখে অনেকে ভোট দেন বলেই তো প্রার্থী করা হয়।
১৩. পছন্দের রাজনীতিবিদ কে?
সনাতন: কিছু দিন আগে কানহাইয়া কুমারের ভক্ত ছিলাম। রাহুল গান্ধীর ভক্ত ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়েরও ভক্ত ছিলাম। এখন আমি রাঘব চাড্ডার ভক্ত।