Advertisement
E-Paper

ক্রিমের স্পর্শেই নিমেষে আভা খেলবে মুখে! কেমন সে প্রসাধনী, কী ভাবেই বা মাখতে হয়?

চড়া মেকআপের বদলে মনের কোণে থাকা অধরা সৌন্দর্যকেই এখন হাতের মুঠোয় এনে দিতে চাইছে প্রসাধনী সংস্থাগুলি। তারই ফল হিসাবে বাজারে এসেছে ‘স্ট্রোব’ ক্রিম, যার ছোঁয়ায় ঝিলিক খেলে যায় ত্বকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১০:৩৩

ছবি: সংগৃহীত।

আলো পড়লেই আভা খেলবে মুখে অথচ উচ্চকিত সাজ নয়, এমন আলগা চটকেই মজেছে তরুণ প্রজন্ম। রূপ হবে এমন যে, মুখের দিকে তাকালে ধরা দেবে স্নিগ্ধতা। স্নো-পাউডার দিয়ে ফর্সা হওয়ার প্রচেষ্টা এখন অতীত। বরং চড়া মেকআপের বদলে মনের কোণে থাকা অধরা সৌন্দর্যকেই এখন হাতের মুঠোয় এনে দিতে উৎসাহী প্রসাধনী সংস্থাগুলি। তারই ফল হিসাবে বাজারে এসেছে ‘স্ট্রোব’ ক্রিম, যার ছোঁয়ায় ঝিলিক খেলে যায় ত্বকে।

সৌন্দর্যে চাকচিক্য জুড়তে নানা সময়ে নানা ভাবে অভ্রের ব্যবহার হয়েছে। তবে এই সাজ ঠিক তেমনটাও নয়। বরং রিল থেকে ভিডিয়োয় এখন অন্য ধারার সৌন্দর্যের হাতছানি। যেখানে ক্রিম মাখলেই মুহূর্তে একটা ভেজা ভাব, আভা খেলে যাবে মুখে।

তরুণ প্রজন্ম চাইছে এমন সৌন্দর্য যা দেখলে মনে হয়, এমন লাবণ্য বুঝি একেবারেই স্বাভাবিক। আর সেই কারণেই কদর বাড়ছে এ হেন ক্রিমের। ‘স্ট্রোব’ শব্দটির আক্ষরিক বাংলা করা কঠিন। তবে সহজ ভাবে বলতে গেলে এর অর্থ হল, এমন কিছু যা আলো উৎপাদন করে।

Advertisement

এটি অত্যন্ত হালকা ধরনের ক্রিম, যা দ্রুত ত্বকে মিশে যায়। মুখে আনে শিশিরের মতো আভা। যে দ্যুতি দেখলে মনে হয়, তা ত্বকের নিজস্ব। সহজ ভাবে বলা চলে হাইড্রেটেড প্রাইমার। ফাউন্ডেশনের পরত দেওয়ার আগে এটি মেখে নিলে, ত্বকে নিমেষে আর্দ্রতা যোগ হয়, শুষ্ক ত্বক প্রাণবন্ত হয়ে ওঠে।

কেন ব্যবহার করবেন ক্রিমটি

তাৎক্ষণিক ঔজ্জ্বল্য: এই ক্রিম, ত্বককে তেলতেলে করে না, তবে যোগ করে আর্দ্রতা। মুখে খেলে যায় আভা। আলো পড়লে, ত্বক ঈষৎ চকচকে দেখায়। দ্রুত ত্বকে চকচকে ভাব আনার জন্য ভাল পন্থা এটি।

আর্দ্রতা: আর্দ্রতার অপূর্ণতায় ত্বক রুক্ষ দেখায়। এমন ত্বকে যে ভাবেই মেকআপ করা হোক না কেন, ঔজ্জ্বল্যের অভাব থাকবেই। এই ধরনের ক্রিম ত্বককে দীর্ঘ ক্ষণ আর্দ্র রাখতে সাহায্য করে। ফলে মেকআপ ত্বকে মেশানোও সহজ হয়।

মেকআপ বেস: মেকআপের আগে ত্বকের খুঁত ঢাকতে প্রাইমারের ব্যবহার জরুরি। প্রাইমার ব্যবহারের পর এটি মেখে মেকআপ করলে, মুখে চকচকে ভাব আসবে।

বাজারে নানা ধরনের স্ট্রোব ক্রিম রয়েছে। বিভিন্ন নামী-দামি প্রসাধনী সংস্থাও এই ক্রিম এনেছে। উপযোগী কোনটি, বাছাই করবেন কী ভাবে?

ত্বকের ধরন: এমনিতে স্ট্রোব ক্রিম খুব হালকা, চট করে ত্বকে মিশে যায়। তবে ত্বকের ধরন তৈলাক্ত হলে একটু দেখেশুনে নিতে হবে। শুষ্ক ত্বকে একটু ভারী ধরনের ক্রিম হলেও অসুবিধা নেই।

ঔজ্জ্বল্য: বিভিন্ন ধরনের ক্রিমের ঔজ্জ্বল্য বিভিন্ন মাত্রার। কেনার আগে পরখ করে নিন, কতটা ঔজ্জ্বল্য চাইছেন। যদি বেশি চকচকে দেখাতে একটু পুরু করে ক্রিম লাগানো যেতে পারে।

ত্বকের রং: ত্বকের বর্ণ অনুযায়ী এই ক্রিমেরও সঠিক শেড বাছাই জরুরি। যেমন পিঙ্ক বা পার্ল শেড উজ্জ্বল ত্বকের জন্য, গোল্ড শেডটি উজ্জ্বল শ্যামবর্ণের জন্য।

কী ভাবে মাখবেন?

• নানা ভাবেই এই ক্রিম ব্যবহার করা যায়। একেবারেই মেকআপ করতে না চাইলে মুখ পরিষ্কার করে ময়শ্চারাইজ়ার মাখার পরে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। তবে ক্রিম ত্বকে ব্যবহারের পরে শুকিয়ে যাওয়ার সময় দিত হবে।

• মেকআপ করার আগে প্রাইমার ব্যবহারের পরে স্ট্রোব ক্রিম লাগিয়ে নিন। তার পরে ফাউন্ডেশন মাখুন।

• আবার ফাউন্ডশনের সঙ্গে ক্রিমটি ভাল করে মিশিয়েও মুখে মাখা যায়।

• বেশি চকচকে আভা আনতে চাইলে প্রথম বার ক্রিমটি ব্যবহারের পরে, একেবারে শেষ ধাপে হাইলাইটার হিসাবে, নাকে, গালে, থুতনিতে অল্প করে লাগিয়ে দিতে পারেন।

Face Cream Beauty Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy