Advertisement
E-Paper

৫ মিনিটের সাজ, ত্বকে থাকবে ঔজ্জ্বল্য, ঢাকবে খুঁত অথচ কেউ বুঝবেই না, শিখে নিন কারিকুরি

কায়দা জানলে সেজে ওঠা যায় মাত্র ৫ মিনিটেই। চড়া মেকআপ নয়, মুখে থাকবে আলগা চটক। কেমন ভাবে সাজলে মেকআপ করা হয়েছে, কেউ দেখে বুঝতেই পারবেন না!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩
How to get the  best no-makeup look in 5 minutes

আলিয়ার মতো নো মেকআপ লুক পেতে কী কী করবেন? ছবি: সংগৃহীত।

যতই যত্ন নিয়ে ত্বকের চর্চা করা হোক না কেন, অল্পবিস্তর খুঁত সকলের মুখেই থাকে। কারও হয়তো চোখের নীচে কালি, কারও আবার মুখে কালচে ছোপ। কারও হয়তো ত্বকে রয়েছে রোদে পোড়া ছোপ।

তবে এই সব খুঁত ঢেকে নিজেকে সুন্দর দেখানো মোটেই কঠিন ব্যপার নয়। ৫ মিনিটেই এমন রূপটান সম্ভব, যা দেখে রূপটান বলে বুঝবেন না কেউ। অথচ মুখে আলগা চটক আসবে। কৌশল সহজ।

প্রস্তুতি: মেকআপ শুরুর আগে ত্বকের প্রস্তুতি জরুরি। ত্বক যদি রুক্ষ হয়, মেকআপ করার পরেও ঔজ্জ্বল্য আসবে না। তাই প্রথমেই মুখ পরিষ্কার করার পরে ত্বকের উপযোগী ময়েশ্চারাইজ়ার মাখতে হবে। দিনের বেলার অনুষ্ঠান হলে তার সঙ্গে সানস্ক্রিন ব্যবহারও জরুরি।

কনসিলার: মুখের কালচে দাগ ছোপ, চোখের নীচের কালি, ডার্ক সার্কল ঢাকার জন্য বেছে নিন কনসিলার। যাঁরা চড়া প্রসাধনী বা ফাউন্ডেশন পছন্দ করেন না, তাঁদের জন্য এটি ভাল। ক্রিমের মতো বা স্টিকের মতো কনসিলার পাওয়া যায়, যা দিয়ে ত্বকের খুঁত ঢেকে দেওয়া যায়।

বিবি ক্রিম বা ম্যুজ়: ‘নো মেকআপ’ লুকের জন্য দিনের বেলা ভাল হতে পারে বিবি ক্রিম বা ম্যুজ়। ‘বিউটি বাম’ বা ‘ব্লেমিশ বাম’-কে সংক্ষেপে বলা হয় ‘বিবি’। ময়েশ্চারাইজ়ার, প্রাইমার, ফাউন্ডেশন, সানস্ক্রিন—এই সব কিছুরই মেলবন্ধন থাকে বিবি ক্রিমে। ত্বককে আর্দ্রতা জোগাতেও সাহায্য করে বিবি ক্রিম। ফলে বিবি ক্রিম মাখাও সুবিধাজনক। অল্প একটু আঙুলে নিয়ে সারা মুখে টিপ টিপ করে লাগিয়ে, হালকা মাসাজ় করলেই ত্বকে মিশে যায়। তবে আলাদা একটা জেল্লা আনে। ম্যুজ়ও খুব হালকা। ফাউন্ডেশনের মতোই কাজ করে, তবে এটি মুখে মিলিয়ে যায় সহজে। বিবি ক্রিম বা ম্যুজ়ের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন। তবে ত্বকের সঙ্গে যেন ম্যুজ়ের শেডের সামঞ্জস্য থাকে।

চোখ: মেকআপ যতই হালকা হোক ভ্রুর আকার ঠিক করলে বা কাজলের হালকা টান দিলেই চোখ অনেক বেশি প্রাণবন্ত লাগে। ভ্রু ঠিক করার জন্য কালোর বদলে গাঢ় বাদামী আই-ব্রো পেনসিল বেছে নিতে পারেন। চোখের উপর এবং নীচে চওড়া করে কাজল লাগিয়ে ব্রাশের সাহায্যে মিশিয়ে দিন, ‘স্মোকি আই’ লুক আসবে। তবে না চাইলে একেবারে সরু করে আইলাইনারও দিতে পারবেন। তার সঙ্গে মাস্কারার ব্যবহারে চোখ বড় দেখাবে।

ব্লাশ: সাজ শেষ করতে পারেন ক্রিম ব্লাশের ছোঁয়ায়। নাকের দুইপাশে গালের উঁচু অংশে পিচ, টেরাকোটা রঙের ব্লাশ স্টিক বুলিয়ে ব্রাশের সাহায্য ভাল করে মিশিয়ে দিন। ব্লাশের ছোঁয়া থাক নাকের ডগাতেও।

লিপস্টিক: সাজ শেষ করুন টিন্টেড লিপ বাম দিয়ে। পছন্দের কোনও লিপস্টিকও লাগাতে পারেন। দিনের অনুষ্ঠান হলে ন্যুড শেড বেছে নিন। হালকা, গাঢ় যে কোনও পোশাকের সঙ্গেই মানাবে।

No Makeup Look Makeup Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy