চুল পড়ে যাচ্ছে? মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের স্বাস্থ্য ভাল রাখতে পারে ভিটামিন বি১২। অনেকেই জানেন না, চুলের স্বাস্থ্য ভাল রাখতে অন্যতম অপরিহার্য উপাদানই হল ভিটামিন বি১২। এই ভিটামিনের ঘাটতি হলেই চুল পড়ার সমস্যা হয়, অকালে চুল পাকতেও থাকে।
কেন চুলের জন্য জরুরি ভিটামিন বি১২?
এই ভিটামিন রক্তে লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে, যা চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম। চুলের প্রতিটি কোষের বিভাজন এবং বৃদ্ধির জন্য লোহিত রক্তকণিকা থেকে পুষ্টির প্রয়োজন হয়। বি১২ শরীরের এই রক্ত সঞ্চালন প্রক্রিয়া সচল রাখে, যার ফলে চুলের গোড়া পর্যাপ্ত পুষ্টি পায়। চুল ঘন ও মজবুত হয়। চুলের জন্য জরুরি প্রোটিন কেরাটিন তৈরিতেও এর ভূমিকা আছে।
আরও পড়ুন:
এর অভাব হলে কী ক্ষতি হয়?
শরীরে এই ভিটামিনের ঘাটতি হলে খুব কম বয়স থেকে চুল পাকতে শুরু করে। চুল পড়ার পরিমাণও বাড়ে। গোছা গোছা চুল উঠতে শুরু করে।
চুল তার স্বাভাবিক আর্দ্রতা হারায় এবং দেখতে অত্যন্ত রুক্ষ ও খসখসে লাগে।
চুলের স্বাভাবিক বৃদ্ধি থমকে যায়, ফলে চুলের ঘনত্ব কমে।
ঘাটতি মিটবে কিসে?
প্রাণিজ খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ভিটামিন বি১২ থাকে। ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস ও মেটে, সামুদ্রিক মাছের মতো খাবার ভিটামিন বি১২-এর সমৃদ্ধ উৎস।
দুধ খেলেও ভিটামিন বি ১২-এর চাহিদা পূরণ হতে পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত দৈনিক ২.৪ মাইক্রোগ্রাম ভিটামিন বি১২ দরকার হয়। সেই চাহিদার ৫০ শতাংশ পূরণ হতে পারে এক কাপ দুধ খেলে।
দই ও বিভিন্ন ধরনের দানাশস্যতেও থাকে ভিটামিন বি১২।
ভিটামিন বি১২ রয়েছে এমন শ্যাম্পু ও কন্ডিশনার কিনে ব্যবহার করতে পারেন। তা ছাড়া দই ও ডিমের কুসুম ভাল করে ফেটিয়ে নিয়ে মাথায় মাখলেও উপকার পাবেন। ডিমের কুসুমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে সপ্তাহে তিন দিন মাখলেও চুল পর্যাপ্ত ভিটামিন পাবে।