শীতের শেষ হয়ে এসেছে। এখনও ত্বকে খসখসে ভাব রয়েছে। প্রচুর পরিমাণে ক্রিম মেখেও এই খসখসে ভাব দূর হচ্ছে না। তার উপরে নাকের দু'পাশে ব্রণও হচ্ছে। এই সমস্যার সমাধানে শুধু ক্রিম বা বাজারচলতি প্রসাধনীতে লাভ হবে না। ত্বকের কোষ ভিতর থেকে সতেজ ও সজীব করে তুলতে হবে। সাধারণত ত্বকে মৃতকোষের আধিক্য হলে, এমন খসখসে ভাব আসে। ছাল উঠতে শুরু করে। তাই কোষের পুনর্গঠনের না হলে ত্বকের পেলম ও মসৃণ ভাব ফিরে আসবে না। এমন কিছু মাখতে হবে, যা ত্বকের কোষের পুনরুজ্জীবন ঘটাবে।
বেসন-হলুদের প্যাক
২ চামচ বেসন, আধ চামচ হলুদ গুঁড়ো, আধ চামচ চন্দন গুঁড়ো, গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে মিনিট ২০ রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। বেসন অতিরিক্ত তেল এবং ত্বকে জমা ময়লা দূর করতে সাহায্য করে। হলুদ এবং চন্দনে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বককে ব্রণমুক্ত করার পাশাপাশি ত্বকের জেল্লাও ফেরাবে।
আরও পড়ুন:
মধু-দারচিনি
ত্বক নরম রাখতে মধুর জুড়ি মেলা ভার। শুধু মধু দিয়েও ব্রণর প্রতিরোধ করা সম্ভব। কারণ মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। মধু ত্বকের মৃতকোষ দূর করতে পারে। ১ চামচ দারচিনি গুঁড়োর সঙ্গে তিন চামচ মধু মিশিয়ে প্যাক বানিয়ে মুখে মাখুন। ১০ মিনিট মতো রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। ত্বক অতিরিক্ত খসখসে হলে সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহারে উপকার পাবেন।
অ্যালো ভেরা ও গ্লিসারিন মাস্ক
টাটকা অ্যালোভেরা জেলের সঙ্গে ২-৩ ফোঁটা গ্লিসারিন মিশিয়ে রাতে ঘুমনোর আগে নাকের চার পাশে এবং গালে লাগিয়ে রাখুন। ভাল করে মুখে মালিশ করতে হবে। সকালে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। খসখস ত্বক শুধু নরম ও মসৃণই হবে না, ব্রণ-র্যাশের সমস্যাও দূর হবে।