কফিপ্রেমী মানুষের বাড়িতে বিভিন্ন ধরনের কফি মজুত থাকে। কফির মান অনুযায়ী দামেরও হেরফের বিস্তর। তবে কফি সঠিক নিয়ম মেনে মজুত করে না রাখলেই তা নষ্ট হয়ে যায় মাসখানেকের মধ্যে। দামি কফি খেতেই না পারলে আফসোস করা ছাড়া উপায় থাকে না। জেনে নিন বাড়িতে কফি মজুত রাখার সঠিক কৌশল।
১) কফি খুব তাড়াতাড়ি অন্য মশলাপাতি থেকে গন্ধ শুষে নেয়। তাই কড়া গন্ধ আছে, এমন কোনও মশলাপাতি এবং খাবার কফির কাছে রাখবেন না। তাতে কফির গন্ধ চলে যায়।
২) ভাল মানের কফি খেতে চাইলে কফি বিন কেনাই ভাল। কফি বিন গুঁড়ো করে সেই কফি দিয়ে পানীয় বানালে তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়।
৩) কফি প্যাকেট থেকে বার করে নিয়ে বায়ুনিরোধী পাত্রে ঢেলে রাখুন। বাতাস ঢুকে গেলেই কফি জমাট বেঁধে যেতে পারে।
৪) অন্ধকার এবং ঠান্ডা পরিবেশে কফির শিশিটি রাখুন। গ্যাসের আঁচের সামনে কিংবা সূর্যের আলোয় কফির শিশি রাখলে কফির স্বাদ নষ্ট হয়ে যায়।
৫) অনেকেই কফির শিশি ফ্রিজে রাখেন। আর্দ্রতা কফির গুণমান নষ্ট করে দেয়। তাই ভুলেও এই কাজটি করবেন না।