অন্দরসজ্জর দুনিয়ায় ‘ভিন্টেজ লুক’-এর আকর্ষণ চিরকালীন। তবে ইদানীং তার আবেদন আরও খানিক বেড়েছে। পর্যটনশিল্পে নজর দিলেই আন্দাজ পাওয়া যাবে।
বনেদি বাড়ি, সাবেকি বাড়িকে নতুন করে সাজিয়ে লোভনীয় মোড়কে অতিথিদের কাছে পেশ করছেন হোটেল ব্যবসায়ীরা। আর এই ধরনের সাজানো ঘর-বাড়ি পর্যটক টানছেও। তার একটি কারণ, হয়তো মানুষ তার শিকড়ের টান অনুভব করে সব সময়। পুরনো দিনের বাড়ি, পুরনো অন্দরসজ্জা, পুরনো আসবাবে সাজানো ঘর সেই শিকড়ের কাছে ফেরার অনুভূতি দেয়। ব্যস্ত জীবনের বাইরে মনে আনে ক্ষণিকের শান্তি। চাইলে সেই একই অনুভব পেতে পারেন নিজের বাড়িতেও।
অনেকেই ইদানীং ঘর সাজানোর জন্য পুরনো আসবাব বা পুরনো আমলের নকশায় তৈরি আসবাব, গৃহসজ্জার জিনিস বেছে নিচ্ছেন। তৈরি করছেন 'ভিন্টেজ লুক'। চাইলে যে কেউ নিজের বাড়ি বা ঘরটি সে ভাবে সাজাতে পারেন। তবে তার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। প্রথমেই যেটা মনে রাখতে হবে তা হল, ‘ভিন্টেজ আসবাব’ দিয়ে ঘর সাজানোর মানে কেবল কিছু পুরনো জিনিস জড়ো করা নয়, বরং ঘরে আভিজাত্য এবং গল্পের ছোঁয়া নিয়ে আসা। কয়েকটি পরামর্শ মেনে চললে ওই পুরনো আসবাব ঘরে নান্দনিকতার ছোঁয়া আনবে।
১. পুরো ঘর পুরনো ফার্নিচারে না ভরে একটি বা দু'টি বড় ভিন্টেজ আসবাব বেছে নিন। যেমন— একটি ভিক্টোরিয়ান কেতার সেগুন কাঠের আলমারি। ড্রয়িং রুমের জন্য একটি অ্যান্টিক কফি টেবিল। শোয়ার ঘরে একটি পুরনো ধাঁচের কারুকার্য করা পালঙ্ক।
২. মিলিয়ে মিশিয়ে রাখুন। সব আসবাব পুরনো দিনের হলে ঘরকে মিউজিয়ামের মতো মনে হতে পারে। আধুনিকের সঙ্গে ভিন্টেজ আসবাব মিলিয়ে সাজালে একটি ভারসাম্য থাকবে। ধরা যাক, ঘরে একটি পুরনো আমলের রাজকীয় ‘উইংব্যাক’ চেয়ার রাখলেন। তবে তার সঙ্গে একটি আধুনিক ‘মিনিমালিস্ট’ নকশার সোফা রাখলে ভাল লাগবে।
৩. পুরনো আসবাব মানেই যে তা জরাজীর্ণ হতে হবে, তা নয়। পুরনো কাঠের আসবাবকে নতুন করে পালিশ করলে সেটির জৌলুস ফিরে আসে। পুরনো আমলের সোফা বা চেয়ারের কাঠামো ঠিক রেখে তাতে উজ্জ্বল বা ভাল গুণমানের কোনও কাপড় ব্যবহার করুন। এতে ঐতিহ্য এবং আধুনিকতার একটা ভারসাম্য তৈরি হবে।
৪. বড় আসবাব ছাড়াও ছোট ছোট কিছু জিনিস ঘরে ভিন্টেজ আমেজ আনতে পারে। যেমন— দেওয়ালে একটি বড় পিতলের ফ্রেমের আয়না। পুরনো আমলের গ্রামোফোন বা রেডিয়ো। পিতল বা তামার তৈরি ফুলদানি এবং মোমদানি।
৫. ভিন্টেজ সাজে আলোর ভূমিকা অপরিসীম। চেষ্টা করুন ওয়ার্ম হোয়াইট বা হলুদ আলো ব্যবহার করতে। ছাদ থেকে ঝাড়বাতি বা টেবিলের ওপর অ্যান্টিক ল্যাম্পশেড সেট করলে ঘরের পরিবেশটাই বদলে যাবে।