ইরান থেকে তেলবাহী জাহাজের আসার কথা ছিল ভারতে। কিন্তু মাঝপথেই রুট বদলে ফেলল জাহাজটি। ভারত নয়, এখন তার গন্তব্য চিন। সাত বছর আগে শেষ বার ইরান থেকে তেলভর্তি জাহাজ ভারতে এসেছিল। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিগত সাত বছর আর ইরান থেকে তেল আসেনি ভারতে।
ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেলের সঙ্কট দেখা দিয়েছে। সেই আবহে বিশ্ব জুড়ে জ্বালানি সমস্যা নিরসনের জন্য ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার করে আমেরিকা। ইরানের তেল কেনায় ‘ছাড়’ দেয় মার্কিন প্রশাসন। তার পর থেকেই ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ ইরান থেকে তেল কেনার ব্যাপারে উদ্যোগী হয়। সেই মতোই প্রথম অপরিশোধিত তেলবোঝাই জাহাজ ভারতে আসার কথা ছিল। তবে আপাতত সেই জাহাজ ভারতে আসছে না বলেই খবর।
জাহাজের গতিবিধি নজরদারি সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, পিং শুন নামক আফারম্যাক্স জাহাজটি ছ’লক্ষ ব্যারেল তেল নিয়ে ইরান থেকে রওনা দিয়েছিল। গন্তব্য ছিল গুজরাতের ভাদিনার বন্দর। কিন্তু আচমকাই জাহাজটি তার গন্তব্যে রুট বদল করে। কেপলারের তথ্য অনুযায়ী, বর্তমানে জাহাজটি যাচ্ছে চিনের দোংইংকে বন্দরের দিকে। তবে কী কারণে পথ পরিবর্তন, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
তবে বিশেষজ্ঞদের মতে, আর্থিক সংক্রান্ত সমস্যার কারণে ভারতের বদলে জাহাজটি চিনের দিকে অগ্রসর হচ্ছে। যদিও পরে আবার তার রুট পরিবর্তন হতে পারে বলেও মনে করছেন অনেকে। কেউ কেউ মনে করছেন, ভারতের যে সংস্থার সঙ্গে তেল রফতানির চুক্তি হয়েছিল ইরানের সংস্থার, তাদের মধ্যে আর্থিক বিষয়ে কোনও সমস্যা দেখা দিতে পারে। নিয়ম অনুযায়ী, তেল রফতানির পর এক থেকে দু’মাস সময় থাকে টাকা মেটানোর। মনে করা হচ্ছে, সেই সময়সীমা নিয়েই দুই সংস্থার মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ায় জাহাজ আপাতত চিনে পাঠানো হচ্ছে।