সেদ্ধ খাবার খেয়ে মুখে অরুচি। ওজন কমাতে কাঁচা স্যালাড বা সেদ্ধ খাবার খেয়ে থাকার প্রয়োজন নেই। একঘেয়ে খাবারে অরুচি হলে মুখরোচক অথচ স্বাস্থ্যকর খাবার বানিয়ে নিতে পারেন। ওজন কমানোর লড়াইয়ে সবচেয়ে বড় বাধা বিকেলের খিদে। ভাজাভুজির লোভ সামলাতে গিয়ে অনেকেই ডায়েট ছেড়ে দেন। কিন্তু যদি এমন কোনও খাবার বানিয়ে নেওয়া যায়, যা খেতে ভাল আবার প্রোটিনের জোগান দেবে অথচ ওজনও বাড়বে না। প্রোটিন সমৃদ্ধ নানা রকম টিক্কা কবাব স্বাদে ভাল এবং স্বাস্থ্যকরও। অল্প তেলেই বানিয়ে নেওয়া যায় এমন স্ন্যাক্স।
পালং শাকের টিক্কা
এটি আয়রন এবং ফাইবারে ভরপুর, যা দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখে। পালং শাকের টিক্কা বানাতে ২ কাপের মতো কুচনো পালং শাক, গ্রেট করা পনির বা ছানা, সামান্য বেসন, আদা-কাঁচালঙ্কা কুচি নিতে হবে। একটি পাত্রে সব উপকরণ ভাল করে মিশিয়ে নিয়ে তাতে সামান্য হলুদগুঁড়ো ও জিরেগুঁড়ো দিয়ে মেখে নিন। স্বাদমতো নুন দিতে হবে। এ বার ছোট ছোট চ্যাপ্টা টিক্কির আকারে গড়ুন। নন-স্টিক প্যানে সামান্য অলিভ অয়েল বা ঘি ব্রাশ করে এ পিঠ-ও পিঠ লালচে করে ভেজে নিন। ধনেপাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
আরও পড়ুন:
সয়াবিন ও পনিরের টিক্কা কবাব
সয়াবিন প্রোটিনে ভরপুর। সেদ্ধ ও জল ঝরানো সয়াবিন মিক্সিতে হালকা করে কিমা করে নিন। এতে পনির গ্রেট করে মিশিয়ে দিন। এ বার এতে আদাবাটা, লঙ্কাবাটা, ধনেপাতা কুচি, চাটমশলা মিশিয়ে ভাল করে মেখে নিন। এ বার তাতে ওট্সের গুঁড়ো ও ব্রেডক্রাম্ব মাখিয়ে ছোট ছোট চ্যাপ্টা বলের মতো গড়ে নিন। প্যানে সামান্য তেল গরম করে বলগুলি হালকা করে ভেজে নিন।
মুগ ডাল ও পালং শাকের টিক্কা
মুগ ডাল ও পালং শাকের মিশ্রণে আয়রন সমৃদ্ধ টিক্কা তৈরি করা যেতে পারে। টিক্কাটি বানাতে ভেজানো মুগ ডাল (বাটা ১ কাপ), মিহি করে কুচনো এক কাপ পালং শাক নিতে হবে। ডালবাটার সঙ্গে শাক মিশিয়ে তাতে আদা কুচি, রসুন কুচি, কাঁচালঙ্কা কুচি, আমচুর পাউডার, নুন ও লেবুর রস মিশিয়ে ভাল করে মেখে নিন। এর পর প্যানে সামান্য তেল ব্রাশ করে কম আঁচে ভেজে নিন।