Advertisement
E-Paper

প্রেম দিবসে ডেটিং হোক সিনেমার মতো! রূপোলি পর্দার রোম্যান্টিক নায়ক নায়িকাকে টেনে আনুন বাস্তবে

মনের গোপনে থাকা ফিল্মি মানুষটিকেই টেনে বার করে আনুন। বলিউডের রোম্যান্টিক সিনেমায় যে রকম ডেটিং দেখে মুগ্ধ হতেন, তেমনই কোনও পরিবেশ তৈরি করে ফেলুন প্রিয় মানুষটির জন্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৯

ছবি : সংগৃহীত।

ডেটিং বলতে যা বোঝায়, তার সঙ্গে এ দেশীয় সিনেমার পরিচয় বছর দশেকের। তার আগে নায়ক আর নায়িকার একান্ত সাক্ষাতের দৃশ্য মানে অধিকাংশ ক্ষেত্রেই সেটা ছিল বেশ একটা ‘লার্জার দ্যান লাইফ’ ব্যাপার স্যাপার। রোম্যান্টিক গান। ফুলের বাগিচা, পোস্টকার্ডের মতো সুন্দর প্রেক্ষাপটে প্রেমিক-প্রেমিকার খুনসুটি, নাচ, নিদেনপক্ষে হাতে হাত ধরে লাজুক চাহনিতে হৃদয় বিনিময়।

'সিলসিলা'র কুয়াশা ঘেরা টিউলিপ বাগিচা থেকে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র সর্ষেখেত কিংবা ‘কুছ কুছ হোতা হ্যায়’ গানের দৃশ্যে পাহাড়-নদী-গথিক কেল্লা-সবুজ উপত্যকা— সর্বত্রই প্রেমের পরিবেশ বেছে বেছে সাজানো।

সে সব দেখে যাঁরা বড় হয়েছেন, তাঁরা নিজেরা যখন প্রেমে পড়েন এবং বাস্তবে ডেটিংয়ে যান, তখন না চাইতেও মনের কোনও এক ছোট্ট কোনায় সযত্নে থেকে যায় সেই পিকচার পারফেক্ট ডেটিংয়ের এক চিত্রকল্প।

প্রেম দিবসের দিনটিকে সঙ্গীর জন্য বিশেষ বানিয়ে তুলতে যখন নানা ভাবনা হাতড়ে বেড়াচ্ছেন, তখন বরং সেই গোপনে থাকা ফিল্মি মানুষটিকেই টেনে বার করে আনুন। বলিউডের রোম্যান্টিক সিনেমায় যে রকম ডেটিং দেখে মুগ্ধ হতেন, তেমনই কোনও পরিবেশ তৈরি করে ফেলুন প্রিয় মানুষটির জন্য। ভাবনার সুবিধার জন্য কয়েকটি ফিল্মি ডেটিংয়ের দৃশ্য মনে করিয়ে দেওয়া যাক—

‘দো কাপ চায় পার্টি’

প্রেমে থাকা দু’টি মানুষ পাশাপাশি থাকলে আর ভাল সময় কাটালে কোথায় আছেন, কী খাচ্ছেন, কিছুই আর গুরুত্ব পায় না। সেখানে শ্যাম্পেনের গ্লাস, কেক, চকোলেট, গোলাপ না থাকলেই বা কী আসে যায়! দু'কাপ চায়েও হতে পারে প্রেমের উদযাপন। ‘ওয়েক আপ সিড’ ছবিতে কঙ্কনা সেনশর্মার চরিত্র আয়েষা আর সিড-রূপী রণবীর কপূর সেই ভাবনাকেই ফুটিয়ে তোলেন। দৃশ্যটি ছিল এই রকম— দশ মিনিটে অনেকগুলো পাউরুটি আর জ্যাম দিয়ে কেক বানিয়ে আনে আয়েষা। সঙ্গে সিড আর নিজের জন্য দু’কাপ চা। ছাদের আলসেয় সেই চা নিয়ে চুপচাপ বসে দু’জনে। নজর রাখে তারা ভরা আকাশ আর শহরের দিকচক্রবালে। সিড বলে, ‘‘ইয়ে ভি তো পার্টি হ্যায়...তুম, ম্যায় অউর দো কাপ চায়ে।’’ বোঝা যায়, প্রেমের উদ্‌যাপন জাঁকজমকে নয়, সঙ্গলাভে।

সাইকেল লাঞ্চ ডেট

প্রেমে হাপ্পুস ডুবে থাকা এক এক জনের পছন্দ। আবার কেউ অনুভূতি প্রকাশ করার পন্থী নন। প্রেমকে তাঁরা অনুভব করেন অ্যাডভেঞ্চারে। এ কালের তরুণ প্রজন্মের অনেকে এমন প্রেমের সঙ্গে নিজেকে মেলাতে পারবেন। যেখানে ডেটিংও এক ধরনের অ্যাডভেঞ্চার। কেউ ডেটে যান মর্নিং ওয়াকে। কোনও জুটি পাহাড় চড়েন। ‘দিল ধড়কনে দো’ ছবিতে রণবীর সিংহের চরিত্র কবীর তাঁর পছন্দের পাত্রী ফারহাকে (অভিনয়ে অনুষ্কা শর্মা) ডাকল সাইকেল লাঞ্চ ডেটে। সাইকেল রেস করে শহরের এক প্রান্ত থেকে আর এক প্লান্তে পৌঁছোনো, সারা দিন খোলা আকাশের নীচে একে অপরের সঙ্গে সময় কাটানো, তার পরে জায়গা বুঝে জিরিয়ে নেওয়া, কোনও রাস্তার ধারের অচেনা খাবারের দোকানে দাঁড়িয়ে মন খুলে গল্প করা।

নৌকাবিহার

ভারতীয় ছবিতে প্রেমিক-প্রেমিকার রোম্যান্টিক নৌকাভ্রমণের দৃশ্য গুণে শেষ করা যাবে না। ‘জব তক হ্যায় জান’, ‘পরিণীতা’, আরও পিছিয়ে গেলে ‘অমানুষ’। এর মধ্যে ‘পরিণীতা’ ছবির ‘পিউ বোলে’ গানের দৃশ্যটি মনকাড়া। সূর্যাস্তের আকাশে স্পষ্ট হাওড়া ব্রিজ। তার সামনে বিকেলের হলদেটে আলোয় গঙ্গার সোনালি জলে ছই ফেলা নৌকায় বসে ললিতা আর শেখর। গিটার বাজাচ্ছেন সইফ আলি খান। গান গাইছেন বিদ্যা। এমন একটি দৃশ্য যে কোনও প্রেম দিবসের বিকেলে তৈরি করতে খুব বেশি দূর যেতে হবে না।

ফুচকা ডেট

কলেজ প্রেম হোক বা সংসারে বাঁধা পড়া স্বামী-স্ত্রী— প্রেমের সুতোয় নাড়া দিতে ফুচকা ব্যর্থ হয়নি কখনও। বলিউডের ছবি ‘রব নে বানা দি জোড়ি’তেও দেখা যায় তেমন দৃশ্য। যেখানে অনুষ্কা শর্মার চরিত্র তানিকে ডেটে নিয়ে যাওয়ার জন্য তার স্বামী সুরিন্দর সাহনি (অভিনয়ে শাহরুখ খান) সাজে রাজ কপূর। আর ডেটে দু’জনে যান ফুচকা খেতে। প্রেম দিবসে সঙ্গীর সঙ্গে রাজ-তানির মতো ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করতে পারেন আপনিও। সে স্মৃতি দশ বছর পরেও মনে থাকতে বাধ্য।

মোমবাতির আলো

সাজানো গোছানো রেস্তরাঁয় মোমবাতির আলোয় প্রেমিক-প্রেমিকার নৈশভোজের দৃশ্যও দেখা গিয়েছে বহু সিনেমায়। সঙ্গীর মন ভাল করে দেওয়ার এই কৌশল পুরনো হলেও এর আবেদন চিরন্তন। তাই প্রেম দিবস উদ্‌যাপন করতে এমন একটি ডেটের আয়োজনও করতে পারেন। রেস্তরাঁ পছন্দ না হলে বাড়ির বারান্দায় বা ছাদেও সাজিয়ে ফেলতে পারেন টেবিল। সুন্দর একটি টেবিল ক্লথ, ভাল ডিনার সেট, পানীয়ের গ্লাস আর এক তোড়া গোলাপফুল। এমন ডিনার ডেট দেখা গিয়েছিল হলিউডের সিনেমা ‘কেট অ্যান্ড লিওপোল্ড’-এ। অবশ্য বলিউডে ‘হাম তুম’, ‘লাভ আজ কল’-এও এমন দৃশ্য দেখা গিয়েছে।

Valentine’s Day Dating idea Couple Goals Romantic dating idea
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy