Advertisement
E-Paper

কুকুর-বিড়ালও কি হিংসা করে? পোষ্যের কোন কোন আচরণ দেখলে সতর্ক হওয়া জরুরি

পোষ্য কুকুর-বিড়ালের মধ্যেই ঈর্ষা থাকতে পারে? কখন এমন বোধ জাগে তাদের মধ্যে, কী ভাবেই বা বুঝবেন তাদের মনের ভাষা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৮:১২
ঈর্ষা হয় কি আদরের পোষ্যের? কখন?

ঈর্ষা হয় কি আদরের পোষ্যের? কখন? ছবি:সংগৃহীত।

বাড়িতে কোনও শিশু এসেছে, তাকে কোলে নিয়ে আদর করছেন, হঠাৎ দেখলেন বাড়ির সারমেয় খুব জোরে জোরে ডাকছে, রেগে যাচ্ছে। কিংবা হয়তো বাড়িতে এসেছে নতুন পোষ্য, তখনও খেয়াল করলেন, অন্য পোষ্যের আচরণ বদল। হয় সে সরে যাচ্ছে নয়তো বেশি কাছে ঘেঁষতে চাইছে।

বাড়িতে পোষ্য থাকলে এমন অনেক আচরণই চোখে পড়ে। কুকুর হোক বা বিড়াল তাদের আবেগ পুরোপুরি হয়তো মানুষের মতো নয়, তবে পশুরোগ চিকিৎসকদের কথায়, হিংসা হতে পারে তাদেরও। বিশেষত ভালবাসায় ভাগ পড়ার ভয় কাজ করলে, বা কোনও কারণে তারা নিরাপত্তার অভাব বোধ করলে, এমনটা হতেই পারে।

কোন আচরণে বুঝবেন পোষ্য হিংসা করছে?

একটু বেশি রুক্ষ হয়ে যাচ্ছে কি পোষ্যের আচরণ? শুধু ডাকছে না, কার্যত রেগে তেড়ে আসছে! আচমকা পোষ্য কুকুরের এমন স্বভাব দেখলে সতর্ক হওয়া জরুরি। মানসিক ভাবে নিরাপত্তার অভাব হলে, এমনটা সে করতেই পারে। ছোটরা বাড়িতে এলে তার মধ্যে ভালবাসার ভাগ নিয়ে নিরাপত্তাহীনতা কাজ করতে পারে। তা ছাড়া, বাড়িতে অন্য পোষ্য এলে বা মনোযোগ কম দেওয়া হচ্ছে মনে করলে এমন ঈর্ষার ভাব চার পেয়ের মধ্যেও জাগতে পারে।

বাড়িতে নতুন কেউ এলে, তার সঙ্গে বাড়ির লোককে গল্প করতে দেখলেও পোষ্য রেগে যেতে পারে। বেশি ডাকতে পারে, অশান্ত হয়ে উঠতে পারে। উদ্দেশ্য একটাই, নতুন মানুষটিকে অভিভাবকের কাছ থেকে সরিয়ে দেওয়া।

অনেক সময়ে নীরবেও সে রাগ-দুঃখ দেখাতে পারে। নির্দিষ্ট স্থানে মল-মূত্র ত্যাগ না করে, যেখানে-সেখানে করতে পারে। মনোযোগ আকর্ষণের জন্য বাড়তি দুষ্টুমিও করতে পারে।

কুকুর বিড়ালের আচরণেও তফাত হতে পারে। অভিভাবক যদি কোনও শিশু বা কাউকে নিয়ে ঘরে বসে গল্প করে, দরজা বন্ধ থাকলে বেড়াল পা দিয়ে সেই দরজা খুলে ঢোকার চেষ্টা করতে পারে। অন্য দিকে, সারমেয় বিছানার পাশে বসেই নানা ভাবে অভিভাবককে ডাকার চেষ্টা করতে পারে। তাদের মূল লক্ষ্যই হল মনিব বা অভিভাবকের মনোযোগ আকর্ষণ করা।

সমস্যা বাড়ে

বাড়িতে স্থায়ী ভাবে শিশুর আগমন হলে।

নতুন কোনও পোষ্য এলে।

নবাগত পোষ্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠলে।

সমাধান কী

পোষ্যের আচরণে আচমকা বদল ঘটলে তার প্রতি বাড়তি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। তার নিরাপত্তাহীনতার ভয় বা আতঙ্ক দূর করা দরকার। পোষ্যকে একটু সময় দিলে, আদর করলে এমন সমস্যার সমাধান হতে পারে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy