শীত চলে গেলেও বাজারে এখনও দেদারে বিক্রি হচ্ছে ফুলকপি। ফুলকপির ডালনা, রোস্ট, কালিয়া এখনও রান্না হচ্ছে বাড়িতে। তবে ফুলকপি কি কাটার আগেই কি ধুয়ে ফেলছেন? তা হলে ভুল করছেন।
ফুলকপি এমন একটি সব্জি, যেটি ধুয়ে ফেললেই কিছুটা নরম হতে শুরু করে। এমনকি ফ্রিজে রেখে দিলেও, তা ক্রমশ নরম হতে থাকে। আর ঘরের তাপমাত্রায় রাখলে তাতে দ্রুত পচন ধরে যায়। তাই কাটার অনেক পরে রান্নার পরিকল্পনা থাকলে, ফুলকপি ধোওয়া উচিত নয়। রান্নার আগে কাটা ফুলকপি ধুয়ে নিলেই ভাল। ফুলকপি কেটে টুকরো করে ফ্রিজে রাখবেন না। রান্নার আগেই কেটে তার পর ধোয়াই ভাল।
ফুলকপি কেটে জলে কিছুটা নুন আর বেকিং সোডা দিয়েও ভিজিয়ে নিতে পারেন। এতে ফুলকপিতে থাকা পোকা বেরিয়ে যাবে, ময়লাও পরিষ্কার হবে। তার পর এক বার পরিষ্কার জলে ধুলেই চলবে।
অনেক সময় আবার গোটা ফুলকপি দিয়েও রান্না হয়। রোস্টের ক্ষেত্রেই ধরুন। সে সময় ভাল করে জলে ধুয়ে গোটা ফুলকপিটি নুন জলে ২-৫ মিনিট ভাপিয়ে নিতে হবে।