মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত রামপুরহাটে জেলা হাসপাতালে ডায়লিসিস ইউনিট, ডিজিটাল এক্স-রে ইউনিটের কাজ তরান্বিত করার জন্য হাসপাতাল ঘুরে গেলেন স্বাস্থ্য ভবনের এডিএইচএস নিমাইচন্দ্র মণ্ডল। মঙ্গলবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে এসে এ ব্যাপারে রামপুরহাট স্বাস্থ্য জেলা আধিকারিক, রামপুরহাট হাসপাতালের সুপার-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে হাসপাতালের পরিকল্পনা নিয়ে তাঁদের মধ্যে নানা কথা হয়। পরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ব্রজ্বেশ্বর মজুমদার বলেন, ‘‘স্বাস্থ্য আধিকারিক জেলা হাসপাতালের পরিকাঠামো ঘুরে দেখলেন। হাসপাতালের পরিষেবার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এছাড়াও হাসপাতালের দু’টি নতুন ইউনিট খোলার ব্যাপারে বিশদে খোঁজখবর নেন। এবং কাজের অগ্রগতির ব্যাপারে জোর দেন।’’