কলকাতা বিরিয়ানিপ্রেমীরা শুনে মুখ বাঁকাতে পারেন। তবে হায়দরাবাদি বিরিয়ানিরও আলাদা ভক্তকূল রয়েছে। আর তাদের সংখ্যা নেহাত কম নয়। নিজামের শহরের রন্ধনপ্রণালীর বিশেষত্ব হল নানা ধরনের মশলার ব্যবহার হয় এতে। খানিক ঝালও হয়। সেই শহরেরই পনিরের একটি রান্না মুখে লেগে থাকার মতো। হায়দরাবাদি সেই পনিরের রান্নাটি কী ভাবে বানাবেন জেনে নিন।
উপকরণ:
২০০ গ্রাম পনিরের কিউব
৩ টি পেঁয়াজ
১ ইঞ্চি আদা
১৫-২০ টি রসুনের কোয়া
৩ টি কাঁচা লঙ্কা
১০-১৫ টি পুদিনা পাতা
এক মুঠো তাজা ধনে পাতা বাটা মশলার জন্য
১ কাপ দই
১ চা চামচ জিরে
৩-৪ টি লবঙ্গ
৩-৪ টি এলাচ
৪-৫ টি গোলমরিচ
১ টি শুকনো লঙ্কা
১ টি বড় এলাচ (কালো এলাচ)
১ ইঞ্চি দারচিনির কাঠি
স্বাদ মতো নুন
পরিমাণ মতো রান্না করার তেল
১ টেবিল চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
১ চা চামচ হলুদ গুঁড়ো
সামান্য জল
আধ কাপ তাজা ক্রিম
১ টেবিল চামচ কাসুরি মেথি
১ চা চামচ গরম মশলা গুঁড়ো
পরিমাণ মতো তাজা ধনে পাতা
প্রণালী:
১. কড়াইতে তেল গরম করে পনিরের টুকরোগুলো হালকা সোনালী ও মুচমুচে করে ভেজে তুলে রাখুন।
২. ওই তেলেই পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা ভাজুন। এরপর এগুলো তুলে নিয়ে পুদিনা পাতা, ধনে পাতা ও দইয়ের সাথে একসাথে ব্লেন্ড করে মসৃণ পেস্ট বানিয়ে নিন।
৩. কড়াইয়ের বাকি তেলে গোটা গরম মশলা (জিরে, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারচিনি) ফোড়ন দিন। ব্লেন্ড করা পেস্ট এবং সব গুঁড়ো মশলা (নুন, ধনে, গোলমরিচ, জিরে, হলুদ) মেশান। ঢাকা দিয়ে ততক্ষণ কষান যতক্ষণ তেল আলাদা হয়ে মশলা দানাদার হচ্ছে।
৪. এবার সামান্য জল ও ভাজা পনির দিন। ফুটে উঠলে ফ্রেশ ক্রিম, কাসুরি মেথি ও গরম মশলা মিশিয়ে ৩ মিনিট হালকা আঁচে রান্না করুন। সবশেষে ধনে পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।