Advertisement
E-Paper

সাধারণ রুটি হোক বা মালাবার পরোটা, সঙ্গে বানিয়ে ফেলুন ডিমের কাশ্মীরি কোরমা

কাশ্মীরের বিখ্যাত কোরমা মূলত মাংস দিয়েই তৈরি করা হয়। কিন্তু এই গরমে মাংস খেতে যদি ইচ্ছে না করে, তা হলে ডিম দিয়েই তৈরি করে ফেলা যায় কোরমা। কী ভাবে বানাবেন? রইল প্রণালী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৯:০৬
Image of Egg Recipe

রাতে রুটি খাবেন। সঙ্গে রেঁধে ফেলুন ডিমের কাশ্মীরি কোরমা। ছবি: শিউলি-শবনম

এই গরমে তেমন কিছুই ভাল লাগছে না। যে দিকে তাকাচ্ছেন, শুনছেন পাহাড়ে বেড়াতে যাচ্ছেন সকলে। হয় দার্জিলিং, নয়তো কাশ্মীর। মনের দুঃখে একটা সিরিজ় দেখতে বসেছিলেন, সেই ‘স্কুপ’-এও কাশ্মীরের ছবি। অথচ আপনার কপালে ঘামের বিন্দু ছাড়া আর কিছুই নেই। আচ্ছা রান্না করলে তো মন ভাল হয়। কাশ্মীরি একখান পদ রাঁধবেন নাকি? ঘুরতে যাওয়া না হোক, ডিমের কাশ্মীরি কোরমা খেয়েই না হয় মন ভাল হোক। রইল তার রেসিপি।

উপকরণ

ডিম: ৬টি

টক দই: আধ কাপ

মিষ্টি দই: ১ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: ১ কাপ

পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ

রসুন বাটা: ১ টেবিল চামচ

আদা বাটা: ১ চা চামচ

বাদাম বাটা: ২ টেবিল চামচ

পোস্ত বাটা: ১ টেবিল চামচ

ঘি: ১ টেবিল চামচ

তেল: আধ কাপ

তেজপাতা: ২টি

ছোট এলাচ: ২টি

লবঙ্গ: ৪টি

দারচিনি: ছোট একটি ডাল

গরম মশলার গুঁড়ো: আধ চা চামচ

কিশমিশ: ১ টেবিল চামচ

কাঁচা লঙ্কা: ৩-৪টি

লবণ: স্বাদ অনুযায়ী

গোলমরিচ গুঁড়ো: আধ চা চামচ

১) প্রথমে ডিম সেদ্ধ করতে দিন। খানিকটা পেঁয়াজ আগে থেকে ভেজে বেরেস্তা করে রাখুন।

২) এর পর কড়াইতে তেল এবং ঘি একসঙ্গে গরম করে নিন। এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিন গোটা গরম মশলা এবং তেজপাতা।

৩) এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি। সামান্য ভাজা হয়ে এলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে নাড়তে থাকুন।

৪) এর মধ্যে একে একে মেশাতে থাকুন বাদাম এবং পোস্ত বাটা।

৫) মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য গরম জল দিয়ে দিন। এই সময়ে দিয়ে দিন কয়েকটি কাঁচা লঙ্কা।

৬) ফুটে উঠলে দু’রকম দই ভাল করে ফেটিয়ে নিয়ে ওই মিশ্রণে দিয়ে দিন।

৭) এ বার সেদ্ধ করা ডিমের গা ছুরি দিয়ে কেটে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিন।

৮) কিছু ক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে কিশমিশ এবং গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন।

৯) একেবারে শেষে উপর থেকে ছড়িয়ে দিন বেরেস্তা।

Egg Recipes Egg Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy