Advertisement
E-Paper

Hilsa Recipe: ভরা বর্ষায় ইলিশের স্বাদ নিতে চান? বানাতে পারেন বরিশালি কায়দায়

পাতুরি, ভাপা, পাতলা ঝোল— ইলিশের একঘেয়ে স্বাদে মন ভরছে না? বানিয়ে নিন বরিশালি ইলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৯:০১
বরিশালি ইলিশ।

বরিশালি ইলিশ। ছবি: সংগৃহীত

বর্ষা মানেই ইলিশ মাছ। এ সময়ে বাঙালিদের ঘরে ঘরে চলে ইলিশ পার্বণ। ভাপা, পাতুরি, কালো জিরে দিয়ে পাতলা ঝোল— পাত জুড়ে থাকে ইলিশের নানা পদ। এ বর্ষায় না হয় সেই তালিকায় যুক্ত হোক নতুন একটি রান্না। বৃষ্টির দিনে এক হয়ে যাক দুই বাংলা। চেনা ইলিশের অচেনা স্বাদ নিতে বানিয়ে ফেলুন বরিশালি ইলিশ। রইল প্রণালী।

উপকরণ:

ইলিশ মাছ: ৫ টুকরো

কালো সর্ষে: ১ টেবিল চামচ

সাদা সর্ষে: ১ টেবিল চামচ

নারকেল বাটা: আধ কাপ

দই: ১০০ গ্রাম

চেরা কাঁচা লঙ্কা: ৫টি

নুন: স্বাদ মতো

হলুদ গুঁড়ো: এক চা চামচ

শুকনোলঙ্কা গুঁড়ো: আধ চা চামচ

সর্ষের তেল: ৩ টেবিল চামচ

প্রণালী:

প্রথমে ইলিশ মাছগুলি ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রেখে দিন।

জলে ভিজিয়ে রাখা সাদা ও কালো সর্ষে বেটে নিন।

সর্ষে বাটা, নারকেল বাটা, দই, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি ভাল করে মিশিয়ে নিন।

এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে এই মিশ্রনটি দিয়ে কষাতে থাকুন।

ফুটতে শুরু করলে এ বার নুন-হলুদ মাখানো মাছগুলি দিয়ে দিন। আধ কাপ জল দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখুন।

মাছ সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বরিশালি ইলিশ।

Recipe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy