Advertisement
E-Paper

বছরশেষে কেক-উৎসবের সঙ্গে পিঠেপার্বণের মিলমিশ, ব্ল্যাক ফরেস্টের সঙ্গে চিতই পিঠে মন্দ লাগবে না

বারো মাসের তেরো পার্বণের অন্যতম হল পৌষপার্বণ। ঘরে ঘরে পিঠে তৈরি হয়। ইদানীংকালে বাঙালি হেঁশেলে নানা রকম কেকও তৈরি হচ্ছে। এ বারের বছরশেষের উৎসবে কেকের সঙ্গে পিঠের যুগলবন্দি মন্দ লাগবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১১:৩২
How to make Black forest cake and Bengali style Pithe at home

ঘরে তৈরি করুন ব্ল্যাক ফরেস্ট কেক, সঙ্গে দুধ চিতই। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এক সময়ে পৌষ মাস ছিল বাঙালির পিঠে-উৎসবের মাস। শহর থেকে গ্রাম— এই উৎসবের চল তখন সবখানেই। এখন তার সঙ্গে কেক তৈরির হিড়িকও শুরু হয়েছে। বাঙালির পৌষসংক্রান্তি এখন ম ম করে পিঠেপুলি আর কেকের সুঘ্রাণে। পৌষ সংক্রান্তির আগের দিন গৃহস্থ বাড়িতে চাল ভিজিয়ে রাখা হত। পিঠে তৈরির জন্যে ভেজানো চাল কতটা নরম হতে হবে, এই বিষয়টা তখন মা-কাকিমাদের নখদর্পণে থাকত। তাঁদের নিঁখুত হিসেব একেবারে কাঁটায় কাঁটায় মিলেও যেত। অনেক যত্ন ও তত্ত্বাবধানে তৈরি হত এই সব পিঠে। আটা বা ময়দা, চালগুঁড়ো, দুধ, খোয়া ক্ষীর, নারকেল কোরা, চিনি, নলেনগুড়, মুগডাল বা বিউলির ডাল, পোস্ত বা সুজি, সবই মজুত করা হত মাপ মতো। এখনও অবশ্য সে রীতি পালন করা হয় অনেক জায়গাতেই। দোরগোড়ায় পৌষ সংক্রান্তি। ঘরে ঘরে পিঠেপুলির সমারোহ। যদি কেক ও পিঠে দু’রকমই বানাতে চান, তা হলে জেনে নিন সহজ কিছু রেসিপি।

ঘরে তৈরি ব্ল্যাক ফরেস্ট

ব্ল্যাক ফরেস্ট শুধু ছোটদের নয়, বড়দেরও পছন্দের তালিকায় রয়েছে। দোকান থেকে কিনে খাওয়ার বদলে, বাড়িতেও তা বানিয়ে নেওয়া যায়। প্রণালী জানলেই হল।

উপকরণ

১ কাপের মতো ময়দা

২ চামচ কোকো পাউডার

আধ চামচ বেকিং সোডা

১ চামচ বেকিং পাউডার

২টি ডিম

২০০ গ্রাম চিনি

১ চামচ কফি

৬ চামচ দুধ

৫০ গ্রাম মাখন

ব্ল্যাক ফরেস্ট কেক।

ব্ল্যাক ফরেস্ট কেক। ফাইল চিত্র।

সাজানোর জন্য

২০০ গ্রাম ক্রিম

১০টি চেরি

আধ কাপের মতো চকোলেট চিপস

প্রণালী:

মাখন চিনি, ময়দা, ডিম একসঙ্গে মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। হ্যান্ড ব্লেন্ডার থাকলে তা দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। খুব মিহি মিশ্রণ তৈরি করতে হবে। এ বার সামান্য দুধে কফি পাউডার মিশিয়ে ব্যাটারে দিন ও তাতে মেশান ভ্যানিলা এসেন্স। পুরো ব্যাটারটা আরও এক বার মিশিয়ে নিন। কেকের মোল্ডের মধ্যে মাখন লাগিয়ে বাটার পেপার পেতে দিন। এ বার ব্যাটার ঢেলে প্রিহিট করা আভেনে ১৮০ ডিগ্রিতে ৩০– ৩৫মিনিট বেক করে নামিয়ে নিন। ডিমোল্ডিং করে কেকের উপর দুধ ছড়িয়ে দিন। কেক নরম থাকবে। অন্য একটি পাত্রে ক্রিম সামান্য চিনি দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এই ক্রিম দিয়ে গার্নিশ করুন। ইচ্ছামতো সাজাতেও পারেন। হয়ে গেলে উপরে চেরি ও চকোলেট চিপস দিয়ে ফ্রিজে রেখে দিন। কেক সেট হতে কিছুটা সময় লাগবে।

চিতই পিঠে

দুধ চিতই বা চিতই পিঠে গুড় মেশানো দুধে ভিজিয়ে নরম তুলতুলে করে বানানো হয়। মাটির সরায় সেঁকে তৈরি এই পিঠেকে অনেকে আসকে পিঠেও বলেন।

চিতই পিঠে।

চিতই পিঠে। ফাইল চিত্র।

উপকরণ:

১ কাপ আপ চালের গুঁড়ো

আধ কাপ নারকেল কোরা

২ চামচ ঘি

সামান্য দুধ

নুন স্বাদমতো

নলেন গুড় বা পাটালি

প্রণালী:

আতপ চালের গুঁড়ো, নারকেল কোরা, নুন ও গরম জলের সঙ্গে কিছুটা ঘি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। ঢাকা-সহ মাটির সরা বসান গ্যাসে সরা গরম হলে সরার গায়ে ঘি মাখিয়ে নিন। এ বার হাতায় করে ওই মিশ্রণ নিয়ে গরম সরার মাঝে বসান। উপর থেকে চাপা দিন মাটির পাত্র দিয়ে। উপর থেকে জলের ছিটে দিতে থাকুন। মিনিট পাঁচেক ভাপিয়ে নিয়ে ঢাকা খুলে আলগা করে তুলে নিন।

অন্য দিকে, ১ লিটার দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। তাতে এলাচ আর পাটালি গুড় মিশিয়ে নিন। গরম পিঠেগুলো এই দুধে ছেড়ে দিন। অন্তত ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখলে পিঠে নরম হয়ে যাবে।

Dessert Recipe Dessert Recipes Cake Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy