বর্ষবরণ উপলক্ষে বাড়িতেই বন্ধুবান্ধব নিয়ে আড্ডার আসর বসাবেন। চা, কফির সঙ্গে রকমারি স্ন্যাক্স না থাকলে তো বাঙালির বৈশাখী আড্ডা জমবে না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন নানা রকমের মুচমুচে স্ন্যাক্স। রইল ৫টি সহজ রেসিপি।
প্রণ পাকোড়া: চিংড়ি মাছ নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ও লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এই সময়ের মধ্যে আদা, রসুন ও কাঁচালঙ্কা এক সঙ্গে বেটে নিন। এ বার একটা বড় বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা, লঙ্কা বাটা মিশিয়ে নিন। ঠান্ডা সোডা ওয়াটার দিয়ে মিশ্রণটি গুলে নিন। এ বার কড়াইতে তেল গরম করুন। ম্যারিনেট করা চিংড়ি ব্যাটারে ফেলে দিন। ভাল করে ব্যাটার মাখিয়ে ছাঁকা তেলে মুচমুচে করে ভেজে তুলুন।
পনির বল: পনির ছোট ছোট টুকরো করে নিয়ে তার সঙ্গে নানা রঙের বেল পেপার মিশিয়ে নিন। এর সঙ্গে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচালঙ্কা কুচি মিশিয়ে মেখে নিন। এই মিশ্রণে চিজ় গ্রেট করে দিতে পারেন। এ বার সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে ছোট ছোট বলের মতো গড়ে নিয়ে ভাজতে হবে। দোকান থেকে কেনা পনির-চিজ় বল না খাইয়ে বরং বাড়িতে তৈরি স্বাস্থ্যকর ও সুস্বাদু স্ন্যাক্স দিতে পারেন শিশুকে।
মুড়ির ফ্রিটার্স: একটি পাত্রে মুড়ি নিয়ে তার সঙ্গে একে একে পেঁয়াজকুচি, কাঁচালঙ্কাকুচি, ধনেপাতাকুচি, নুন, রসুনকুচি, নুন, একটি ডিম আর বেসন ভাল করে মেখে নিন। মিশ্রণটিতে পাক ধরে এলে হাতে মুঠোয় নিয়ে লম্বা লম্বা ফ্রিটার্সের আকারে গড়ে নিয়ে ডোবা তেলে মুচমুচে করে ভেজে নিন। টম্যাটো সস্ কিংবা পুদিনার চাট দিয়ে পরিবেশন করুন মুড়ির ফ্রিটার্স।
মুরগি ব্যাটার ফ্রাই: হাড় ছাড়া মুরগির মাংস লম্বা লম্বা আঙুলের মাপে কেটে নিন। একটি পাত্রে মাংস নিয়ে তাতে এক এক করে গন্ধরাজ লেবুর রস, আদাবাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর খোসা, নুন ও গোলমরিচগুঁড়ো মিশিয়ে ভাল করে মেখে নিন। মিশ্রণটি ঘণ্টাখানেক ম্যারিনেট করে রাখুন। এবার অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিয়ে তাতে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার, সোডা ওয়াটার, নুন ও লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার মুরগির মাংসের স্ট্রিপ গুলি ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিন। মেয়োনিজ়ের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ মুরগি ব্যাটার ফ্রাই।
পনির ক্রকেট: পাউরুটির ধারগুলো কেটে বাদ দিয়ে দিন। পনিরের কুচিগুলি একটি বাটিতে রেখে তার সঙ্গে ভাজামশলা, নুন, চিনি, ধনেপাতাকুচি, গোলমরিচগুঁড়ো, চাটমশলা, কাঁচালঙ্কা কুচি ভাল করে মেখে নিন। এ বার পাউরুটির গায়ে সামান্য জল ছিটিয়ে তাদের পাতলা রুটির মতো করে বেলে নিন। পাউরুটির ভিতর পনির-ধনেপাতা ও মশলার পুর ভরে জল হাত করে পাউরুটিকে কাটলেটের আকারের মতো করে হাতের তালুর মাধ্যমে চেপে মুড়ে ফেলুন। ডিমে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিলেই তৈরি পনির ক্রকেট।