Advertisement
E-Paper

মানুষ যখন চাষাবাদ শেখেনি, তখন থেকেই সঙ্গী ছিল কুকুর! ১৪ হাজার বছর আগে চলত পোষ্যের আদানপ্রদানও

ব্রিটেন থেকে তুরস্কের মধ্যে বিস্তীর্ণ এলাকায় প্রস্তরযুগে কুকুরদের অস্তিত্ব টের পেয়েছেন বিজ্ঞানীরা। সে সময়ে মানুষের সঙ্গে তাদের সংযোগ ছিল বলেও প্রমাণ পেয়েছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৯:০০

ছবি: এআই সহায়তায় প্রণীত।

আধুনিক মানুষ যখন দলবেঁধে শিকার ধরত, তখন থেকেই তাদের সঙ্গী কুকুর। একদল বিজ্ঞানী সম্প্রতি তেমনটাই জানিয়েছেন। তাঁদের দাবি, মানুষ চাষাবাদ যখন শেখেনি, শুধুই শিকার করে খেত, তখনও তাদের সঙ্গে ঘুরত কুকুর। ডিএনএ পরীক্ষা করে তারা এর প্রমাণও পেয়েছেন।

জার্নাল নেচার পত্রিকায় এই সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, প্রায় ১৪ হাজার বছর আগে ইউরোপে আধুনিক মানুষের দল কুকুরকে নিজেদের সঙ্গী করেছিল। তখন তারা শিকার ধরত। বিজ্ঞানীদের মতে, প্রাচীন প্রস্তরযুগেই দুই প্রাণীর সহাবস্থান শুরু হয়েছিল। তাঁদের কথায়, যে সময়ে কুকুর আবিষ্কার করে ফেলেছিল মানুষ, তখন কিন্তু চাষাবাদও শেখেনি তারা।

বিজ্ঞানীরা প্রাচীন কালের কুকুরদের ডিএনএ পরীক্ষা করে দেখেছেন, ইউরোপ এবং পশ্চিম এশিয়ার অন্তত পাঁচ জায়গায় তাদের অস্তিত্ব ছিল। প্রস্তর যুগে তারা পৃথিবীর বুকে ছিল বেঁচে ছিল। তাদের মধ্যে কয়েকটির বয়স ১৫ হাজার ৮০০ বছরের আশপাশে। এমনটাই নতুন গবেষণায় দেখেছেন বিজ্ঞানীরা। এর আগে বিজ্ঞানীরা মনে করতেন, পাঁচ হাজার বছর ধরে পৃথিবীর বুকে রয়েছে কুকুরেরা। তার আগে তাদের অস্তিত্ব খুঁজে পাননি তাঁরা।

ব্রিটেন থেকে তুরস্কের মধ্যে বিস্তীর্ণ এলাকায় প্রস্তরযুগে কুকুরদের অস্তিত্ব টের পেয়েছেন বিজ্ঞানীরা। সে সময়ে মানুষের সঙ্গে তাদের সংযোগ ছিল বলেও প্রমাণ পেয়েছেন তাঁরা। আজকের সারমেয়দের সঙ্গে সেই প্রস্তরযুগের কুকুরদের খুব একটা ফারাক খুঁজে পাননি তাঁরা। যদিও সেই সময়কার আধুনিক মানুষের সঙ্গে আজকের মানুষের ফারাক রয়েছে বিস্তর। এমনটাই জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্যালিয়োবায়োলজিস্ট (যাঁরা প্রাচীনকালের প্রাণ নিয়ে গবেষণা করেন) গ্রেগার লারসন। বিজ্ঞানীরা গবেষণায় এ-ও দেখেছেন, বিভিন্ন দল নিজেদের মধ্যে কুকুর আদানপ্রদান বা বিনিময় করত। অর্থাৎ এক দল অন্য দলের থেকে কুকুর নিত, আবার দিত।

নতুন এই গবেষণার পরে সারমেয়র ইতিহাস নিয়েও নতুন কিছু তথ্য উঠে এসেছে। ন্যাশনাল হিউম্যান জিনোম রিসার্চের গবেষক ইলেইন অস্ট্র্যান্ডার জানান, এই গবেষণা মানুষ, কুকুর এবং দুইয়ের মধ্যে সংযোগ নিয়ে নতুন তথ্য দিয়েছে। তবে এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না ইলেইন।

নেকড়েদের থেকে এসেছে কুকুরেরা। তবে ঠিক কোথায়, কী ভাবে তা নিয়ে তর্ক রয়েছে। কয়েক জন বিজ্ঞানীর দাবি, প্রায় ৩০ হাজার বছর আগে নেকড়েদের থেকে উদ্ভূত হয়েছিল কুকুরেরা। যদিও সেই নিয়ে যথেষ্ট প্রমাণ তাঁদের হাতে নেই বলেই জানান বিজ্ঞানীরা।

নতুন গবেষণায় আটটি কুকুরের মতো জীবের জিন নিয়ে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। তাদের সঙ্গে প্রাচীন এবং বর্তমান সময়েক নেকড়ে এবং কুকুরের জিন তুলনা করে দেখা হয়েছে। তাঁরা দেখেছেন, ওই আট প্রাণীর জিনের মধ্যে ছ’টির সঙ্গে মিল পাওয়া গিয়েছে কুকুরের। তার মধ্যে দু’টি আবার প্রস্তর যুগে পৃথিবীতে ছিল বলে দেখা গিয়েছে। তাদের একটির বয়স প্রায় ১৫ হাজার ৮০০ বছর। তুরস্কের পিনারবাসি থেকে সেই জিন মিলেছে। দ্বিতীয়টির বয়স প্রায় ১৪ হাজার ৩০০ বছর। সেই জিন ব্রিটেনের এক গুহা থেকে মিলেছিল।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ব্রিটেন থেকে তুরস্কের মধ্যে পাঁচটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে প্রস্তুরযুগে যে কুকুরেরা বাস করত, তাদের জিনে যথেষ্ট মিল ছিল। ম্যাগডালেনিয়ান, আনাতোলিয়ান এবং এপিগ্রাভেটিয়ান গোষ্ঠীর লোকজনের সঙ্গে সংযোগ ছিল ওই সারমেয়দের। ওই তিন গোষ্ঠীই শিকার করে খেত। এই এপিগ্রাভেটিয়ানরা প্রায় ১৬ হাজার বছর আগে পৃথিবীর বুকে ছিল। তারাই মূলত অন্য গোষ্ঠীর হাতে কুকুর তুলে দিয়েছিল বলে মনে করা হচ্ছে। তবে তাদের সঙ্গে কী ভাবে কুকুরেরা ভিড়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে তাদের হাত ধরে বিভিন্ন প্রাচীন মানবগোষ্ঠীর হাতে ঘুরেছিল কুকুর। ৯০০০ বছর আগে দক্ষিণ-পশ্চিম এশিয়া থেকে এক দল চাষী প্রথম পা রেখেছিল ইউরোপে। তাদের সঙ্গেও কিন্তু ছিল কুকুর। সেই কুকুরদের তারাই নিয়ে এসেছিল।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy