টানা ১৬টি জয়ের পর হঠাৎ ছন্দপতন কার্লোস আলকারাজ়ের। শেষ তিনটি ম্যাচের দু’টিতেই হেরে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার স্ল্যাম পূর্ণ করা আলকারাজ় মায়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন।
৩২ নম্বর বাছাই আমেরিকার সেবাস্তিয়ান কোর্দার কাছে আলকারাজ় হেরেছেন ৩-৬, ৭-৫, ৪-৬ ব্যবধানে। অপ্রত্যাশিত এই হারের ধাক্কায় হতাশ আলকারাজ়। ম্যাচে চেনা মেজাজে পাওয়া যায়নি তাঁকে। কোনও কিছুই ঠিকঠাক হচ্ছিল না। প্রথম সেট হেরে যাওয়ার পর দ্বিতীয় সেটের শুরুর দিকে মেজাজও হারান। নিজের টিমের সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিয়ম হয় তাঁর। খেলা চালিয়ে যাবেন কিনা, জানতে চান। এক সময় ম্যাচ ছেড়ে দেওয়ার মতোও ইঙ্গিত দেন হতাশ, ক্ষুব্ধ আলকরাজ়।
গ্র্যান্ড স্ল্যাম জিতে বছর শুরু করা আলকারাজ় এ ভাবে ফর্ম হারানোয় উদ্বিগ্ন তাঁর টিমের সদস্যেরাও। অস্ট্রেলিয়ান ওপেনের পর কাতার ওপেন চ্যাম্পিয়ন হন। তবে কয়েক দিন আগে ইন্ডিয়ান ওয়েলস ওপেনের সেমিফাইনালে হেরে যান ডানিল মেদভেদেভের কাছে। তার পর মায়ামিতেও দ্বিতীয় রাউন্ডে বিদায় নিলেন ২০২২ সালের চ্যাম্পিয়ন।
আরও পড়ুন:
প্রথম সেটে ৩-৩ অবস্থা থেকে হেরে যান আলকারাজ়। তাঁর সার্ভিস ভেঙে দেন কোর্দা। এর পর ম্যাচ যত এগিয়েছে, তত ছন্দহীন দেখিয়েছে বিশ্বের এক নম্বরকে। কোচ স্যামুয়েল লোপেজ়-সব টিমের সকলে সমানে হতাশ আলকারাজ়কে উৎসাহ দিয়ে যাচ্ছিলেন। তবু আলকারাজ়রে বলতে শোনা যায়, ‘‘আমি আর নিতে পারছি না। এখন বাড়ি যেতে চাই। আমি আর পারছি না।’’