ব্যাট-বল নয়, আপাতত বৈভব সূর্যবংশীর সময় কাটছে বই-খাতা নিয়ে। সামনেই স্কুল ফাইনাল। তাই ক্রিকেট থামিয়ে পড়াশোনায় মন দিয়েছে ১৪ বছরের ব্যাটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য এত দিন সে ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বৈভব।
হাতে আর তিন দিন। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বৈভবের দশম শ্রেণির ফাইনাল পরীক্ষা। বিহারের সমস্তিপুরের পোদার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নীল কিশোর বলেছেন, ‘‘ক্রিকেটের ২২ গজ ছেড়ে পড়াশোনার পিচে নেমেছে বৈভব। ওর মতো ক্রিকেটার আমাদের স্কুলের ছাত্র। এটা আমাদের গর্ব। তবে কোনও বাড়তি সুযোগ বা সুবিধা ও পাবে না। সহপাঠীদের সঙ্গে একই ভাবে পরীক্ষা দেবে।’’
তিনি আরও বলেছেন, ‘‘দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা স্কুলেই দেবে বৈভব। অ্যাডমিট কার্ড নিয়ে গিয়েছে। স্কুলে এসেছিল। ওকে নিয়ে শিক্ষকদের মধ্যে আলাদা উত্তেজনা রয়েছে। খানিকটা হইচই হয়েছে। এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। তবে বাকিদের জন্য যে ব্যবস্থা করা হচ্ছে, বৈভবের জন্যও তা-ই। বাড়তি কিছু নয়। এটা পড়াশোনার জায়গা। ক্রিকেট মাঠ নয়। সুতরাং সকলেই সমান আমাদের কাছে। পরীক্ষার সময় বৈভব শুধু আমাদের একজন ছাত্র।’’
আরও পড়ুন:
বৈভবকে নিয়ে তো উন্মাদনা থাকতে পারে। পরীক্ষার সময় নিরাপত্তার সমস্যা হতে পারে। কিশোর বলেছেন, ‘‘আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছি। পরীক্ষা চালাতে সমস্যা হবে না বলেই আশা করছি। ছাত্রদের সুযোগ-সুবিধা, নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই সকলে নিরাপদে বোর্ডের পরীক্ষা দিক।’’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলার পর ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রে বৈভব। বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছে ১৪ বছরের ব্যাটার। আপাতত ক্রিকেট ছেড়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত সে।