বিশ্বরেকর্ড করলেন ব্রাজ়িলের মহিলা ক্রিকেটার লরা কার্ডোসো। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসাবে ৯ উইকেট নিয়েছেন তিনি। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বাধিক উইকেট ছিল ৮। সেই নজির ভেঙে দিয়েছেন তিনি।
লেসোথোর বিরুদ্ধে একটি ম্যাচে এই রেকর্ড গড়েছেন ২১ বছরের ডানহাতি পেসার। ব্রাজ়িল ৮ উইকেটে ২০২ রান করেছিল। জবাবে মাত্র ১৩ রানে অলআউট হয়ে যায় লেসোথো। তিন ওভারে ৪ রান দিয়ে ৯ উইকেট নেন লরা।
আগে এই রেকর্ড ছিল ভুটানের পুরুষ ক্রিকেটার সোমন ইয়েশের দখলে। ২০২৫ সালে মায়ানমারের বিরুদ্ধে ৭ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন সোনম। মহিলাদের ক্রিকেটে সর্বাধিক উইকেটের রেকর্ড এর আগে ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়া রোহমালিয়ার দখলে। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিরুদ্ধে কোন রান না দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিলেন লরা।
আরও পড়ুন:
মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে নিউ জ়িল্যান্ডের এমি সাদারওয়েটের দখলে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ওভারে ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ভারতের দীপক চাহারের দখলে। ২০১৯ সালে নাগপুরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ৩.২ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।