Advertisement
E-Paper

CWG 2022: বার্বাডোজকে ১০০ রানে হারিয়ে কমনওয়েলথের শেষ চারে হরমনের ভারত

ভারতের সামনে দাঁড়াতেই পারল না বার্বাডোজ। দলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা একাধিক অভিজ্ঞ ক্রিকেটার থাকলেও কাউকেই চেনা ছন্দে দেখা গেল না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ০১:৫২
কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীত কউররা।

কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীত কউররা। ছবি টুইটার।

বার্বাডোজকে ১০০ রানে হারিয়ে কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীত কউররা। বিসমা মারুফের পাকিস্তানকে হারানো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ ভারতের বিরুদ্ধে সুবিধা করতে পারল না। ভারতের ৪ উইকেটে ১৬২ রানের জবাবে বার্বাডোজের ইনিংস শেষ হয়ে গেল ৮ উইকেটে ৬২ রানে।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান বার্বাডোজ অধিনায়ক হেইলি ম্যাথিউজ। ভারতের শুরুটা ভাল হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করা ওপেনার স্মৃতি মন্ধানা ৭ বলে ৫ রান করেই সাজঘরে ফিরলেন। তাতে অবশ্য চাপে পড়েনি ভারতের মহিলা ক্রিকেট দল। অন্য ওপেনার শেফালি বর্মা এবং তিন নম্বরে নামা জেমিমা রড্রিগেজের আগ্রাসী ব্যাটিং ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেয়। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা তুললেন ৭১ রান। শেফালি করলেন ২৬ বলে ৪৩ রান। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার এবং ১টি ছয়। জেমিমা অপরাজিত থাকলেন ৪৬ বলে ৫৬ রান করে। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার এবং ১টি ছয়। চার নম্বরে নেমে অধিনায়ক হরমনপ্রীত (০) এবং পাঁচ নম্বরে নামা উইকেটরক্ষক-ব্যাটার তানিয়া ভাটিয়া (৬) ব্যর্থ না হলে ভারতের রান আরও বেশি হতে পারত। শেষ দিকে দীপ্তি শর্মার ব্যাট থেকে এল ৩৪ রান। তাঁর ২৮ বলের ইনিংসে রয়েছে ২টি চার এবং ১টি ছয়।

বার্বাডোজের সফলতম বোলার শনিকা ব্রুস ১৭ রান দিয়ে ১ উইকেট নিলেন। কমনওয়েলথ গেমসেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ব্রুস আউট করলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক মন্ধানাকে। ২০ রানে ১ উইকেট নিলেন শাকিরা সেলম্যান। তিনি ফেরালেন হরমনপ্রীতকে।

চার উইকেট নিলেন রেনুকা।

চার উইকেট নিলেন রেনুকা। ছবি টুইটার।

জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারালেন ক্যারিবিয়ানরা। অভিজ্ঞ ব্যাটার কিশোনা নাইট করলেন ২০ বলে ১৬ রান। তিনি ছাড়া দু’অঙ্কের রান করলেন নয় নম্বরে নামা সেলম্যান (অপরাজিত ১২)। ভারতীয় জোরে বোলারদের সামনে বার্বাডোজের সব ব্যাটারই সমস্যায় পড়লেন। অধিনায়ক ম্যাথিউজের অবদান ৯ রান। মাত্র ৪৫ রানেই বার্বাডোজের ৭ উইকেট পড়ে যাওয়ার পর হরমনপ্রীতদের সেমিফাইনালে পৌঁছনো ছিল স্রেফ সময়ের অপেক্ষা।

বার্বাডোজের ইনিংসে ধস নামালেন মূলত রেনুকা সিংহ। ৪ ওভারে মাত্র ১০ রান খরচ করে ৪ উইকেট নিলেন তিনি। প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটারের চার জনই তাঁর শিকার। বুধবারের ম্যাচে আট জন বোলারকে ব্যবহার করলেন হরমনপ্রীত। ভারত অধিনায়ক নিজে ৩ ওভার বল করে ৭ রানে ১ উইকেট নিলেন। তিনি ছাড়া একটি করে উইকেট পেয়েছেন মেঘনা সিংহ (১২ রানে ১ উইকেট), রাধা যাদব (১০ রানে ১ উইকেট) এবং স্নেহ রানা (৬ রানে ১ উইকেট)।

CWG 2022 Commonwealth Games 2022 India Harmanpreet Kaur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy