দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দল। আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুদের স্বাগত জানাতে রবিবার দুপুরে মুম্বই বিমানবন্দরে ভিড় জমিয়ে ছিলেন অসংখ্য ক্রিকেটপ্রেমী। ছিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরাও। বিশ্বজয়ীদের ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।
ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে ছিল ১৪ বছরের বৈভব। উন্মাদনা ছিল অধিনায়ক মাত্রে এবং অভিজ্ঞানকে ঘিরেও। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের অনেকের বাবা-মাও বিমানবন্দরে এসেছিলেন। ক্রিকেটারেরা বাইরে আসার অনেক আগে থেকেই জাতীয় পতাকা, ফুল নিয়ে অপেক্ষা করছিলেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপ নিয়ে বৈভব-অভিজ্ঞানেরা একে একে বিমানবন্দরের বাইরে আসতেই উচ্ছ্বাস অন্য মাত্রায় পৌঁছোয়।
আরও পড়ুন:
বিশ্বজয়ী অধিনায়কের বাবা-মাও বিমানবন্দরে এসেছিলেন ছেলেকে বাড়ি নিয়ে যেতে। ছেলেকে নিয়ে বাড়ি ফেরার সময় মাত্রের বাবা যোগেশ কমলাকর মাত্রে বলেন, ‘‘দলকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে আয়ুষ গোটা দেশকে গর্বিত করেছে। ওর বাবা হিসাবে আমিও গর্বিত। ট্রফি নিয়ে ফেরার আনন্দই আলাদা।’’ বিমানবন্দর থেকে বেরিয়ে বৈভবও বাবা-মাকে প্রণাম করে। বাবা-মায়ের সঙ্গে দেখা গিয়েছে অভিজ্ঞানকেও।