ঈশান কিশন, তিলক বর্মা এবং শিবম দুবেকে এক ওভারে আউট করে ভারতীয় দলকে চাপে ফেলে দিয়েছিলেন আমেরিকার শ্যাডলে ফান শকউইক। দলকে জেতাতে না পারলেও ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়ে নিয়েছেন আমেরিকার অলরাউন্ডার। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের মালিকানাধীন একাধিক দলের হয়ে খেলেন শকউইক।
আমেরিকার হয়ে খেললেও শকউইকের জন্ম দক্ষিণ আফ্রিকায়। ২০০৮ পর্যন্ত ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে দক্ষিণ আফ্রিকায় ঘরোয়া ক্রিকেট খেলেছেন ৩৭ বছরের অলরাউন্ডার। জ্যাক কালিস যে স্কুলে পড়তেন সেই ওয়েনবার্গ বয়েজ হাই স্কুলের ছাত্র শকউইক। ২০২০ সালে পাকাপাকি ভবে আমেরিকায় চলে যান তিনি। তার আগে থেকেই আমেরিকার ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ এপ্রিলে প্রথম আমেরিকার হয়ে খেলার সুযোগ পান তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমেরিকা দলের অন্যতম সদস্য ছিলেন।
আরও পড়ুন:
মেজর লিগ ক্রিকেটে খেলেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে। আমেরিকার বাইরেরও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেটে পরিচিত মুখ শকউইক। সংযুক্ত আরব আমিরশাহির আইএল টি২০-তে খেলেন আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে। আমেরিকার হয়ে বিশ্বকাপের আগে পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। শনিবার ভারতের বিরুদ্ধে ২৫ রানে ৪ উইকেটই তাঁর সেরা পারফরম্যান্স।