ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠ বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলা বৈভব সূর্যবংশী প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশিত ছোটদের বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা পেয়েছে ১৪ বছরের ব্যাটার। ভারতের আরও এক ক্রিকেটার রয়েছে ১১ জনের দলে।
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মাত্রের জায়গা হয়নি আইসিসির সেরা একাদশে। নির্বাচিত হননি বাঙালি উইকেটরক্ষক-ব্যাটার অভিজ্ঞান কুন্ডুও। বিহান মলহোত্র, বেদান্ত ত্রিবেদী, অ্যারন জর্জের মতো ক্রিকেটারেরাও আইসিসির নির্বাচকদের মন জিততে পারেননি। বৈভব ছাড়া আইসিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন বিশ্বজয়ী দলের স্পিনার অলরাউন্ডার কণিষ্ক চৌহান।
আইসিসির দলের দুই ওপেনার বৈভব এবং শ্রীলঙ্কার ভিরান চামুদিতা। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে রয়েছেন আফগানিস্তানের ফয়জল খান শিনোজ়াদা। চার নম্বরে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার থমাস রিউ। দলের অধিনায়কও তিনি। পাঁচ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অলিভার পিক। ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে ইংল্যান্ডের বেন মায়েস। সাতে ভারতের কণিষ্ক। আট নম্বরে নাম রয়েছে আফগানিস্তানের নুরিস্তানি ওমরজ়াইয়ের। ন’নম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের ভিটেল লায়োয়েস। ১০ নম্বরে রয়েছে পাকিস্তানের আলি রাজার নাম। ১১ নম্বরে ইংল্যান্ডের মানি লামসডেন। আইসিসির দলে দ্বাদশ সদস্য হিসাবে রয়েছেন ভারতের আর এক অলরাউন্ডার হেনিল পটেল।
আরও পড়ুন:
ছোটদের বিশ্বকাপের সেরা একাদশে চ্যাম্পিয়ন ভারতের মাত্র দু’জন প্রতিনিধি। অথচ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মাত্রের দল। রানার্স ইংল্যান্ডের তিন জন জায়গা পেয়েছেন ১১ জনের দলে। সেরা একাদশ বেছে নিয়েছেন ইয়ান বিশপ, অ্যান্ডি ফ্লাওয়ার, লিডিয়া গ্রিনওয়ে এবং টেলফোর্ড ভাইস।