Advertisement
E-Paper

সুপার এইটের আগে পরীক্ষার শেষ সুযোগ ভারতের, বিশ্বকাপে বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে সূর্যদের দলে জোড়া বদলের সম্ভাবনা

টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে উঠেছে ভারত। বুধবার শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি সূর্যকুমার যাদবেরা। সেই ম্যাচে ভারতের প্রথম একাদশে জোড়া বদল হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৮
cricket

গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

সাধারণত জয়ী দলে কোনও বদল করতে চান না কোচেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে উঠেছে ভারত। বুধবার শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি সূর্যকুমার যাদবেরা। অপরাজিত থাকলেও কয়েকটি চিন্তা রয়েছে ভারতের কোচ গৌতম গম্ভীরের মাথায়। সেই কারণে, বুধবারের ম্যাচেও ভারতের প্রথম একাদশে জোড়া বদল করতে পারেন তিনি। বিশ্বকাপের সুপার এইটের আগে পরীক্ষার শেষ সুযোগ রয়েছে গম্ভীরের। সেটাই কাজে লাগাতে পারেন তিনি।

ভারতের সম্ভাব্য একাদশ:

১) অভিষেক শর্মা— চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অভিষেকের ব্যাটে রান নেই। যে দু’টি ম্যাচ তিনি খেলেছেন দু’টিতেই শূন্য রানে আউট হয়েছেন। কিন্তু ভারতকে চ্যাম্পিয়ন হতে গেলে অভিষেককে রানে ফিরতে হবে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় রান চাইবেন তিনি।

২) ঈশান কিশন— অভিষেক ফর্মে না থাকলেও অপর ওপেনার ঈশান কিশন রানের মধ্যে রয়েছেন। পাকিস্তানকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। সুপার এইটের আগে ফর্ম বজায় রাখতে চাইবেন ঈশান।

৩) তিলক বর্মা— ভাল খেললেও এখনও পুরনো ফর্মের তিলককে দেখা যায়নি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনিও বড় রান চাইবেন।

৪) সূ্যকুমার যাদব— ফর্মে রয়েছেন সূর্য। রান পাচ্ছেন। সুপার এইটের আগে শেষ ম্যাচেও রান চাইবেন ভারতের অধিনায়ক।

৫) হার্দিক পাণ্ড্য— চলতি বিশ্বকাপে রান পেলেও ধারাবাহিকতা দেখাতে পারেননি হার্দিক। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় রান চাইবেন তিনি।

৬) রিঙ্কু সিংহ— পাকিস্তান ম্যাচে সামান্য ঝলক দেখিয়েছেন। কিন্তু এখনও ব্যাট হাতে পুরনো রিঙ্কুকে দেখা যায়নি। যদিও ফিল্ডিংয়ে তা পুষিয়ে দিয়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ভাল খেলতে চাইবেন তিনি।

৭) অক্ষর পটেল— ভারতের সহ-অধিনায়ক। ব্যাটে-বলে আহামরি কিছু করতে হয়নি। সুপার এইটের আগে তিনিও প্রস্তুতি নিয়ে ফেলতে চাইবেন।

৮) ওয়াশিংটন সুন্দর— চলতি বিশ্বকাপে একটি ম্যাচেও খেলেননি। সুপার এইটের আগে তাঁকে একটি ম্যাচ খেলাতে পারেন গম্ভীরেরা। সে ক্ষেত্রে শিবম দুবেকে বাইরে বসতে হতে পারে।

৯) জসপ্রীত বুমরাহ— ধীরে ধীরে ছন্দে ফিরছেন। পাকিস্তানের বিরুদ্ধে ভাল বল করেছেন। নেদারল্যান্ডস ম্যাচেও সেটাই করতে চাইবেন তিনি।

১০) অর্শদীপ সিংহ— নেদারল্যান্ডসের বিরদ্ধে প্রথম একাদশে ফিরতে পারেন অর্শদীপ। তিনি ফিরলে একটি ম্যাচ খেলেই বাদ পড়তে হবে কুলদীপ যাদবকে।

১১) বরুণ চক্রবর্তী— উইকেটের মধ্যে রয়েছেন। ভারতকে চ্যাম্পিয়ন হতে গেলে সেরা ফর্মের বরুণকে প্রয়োজন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনিও প্রস্তুতি সেরে ফেলবেন।

India Cricket Gautam Gambhir Suryakumar Yadav
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy