Advertisement
E-Paper

সাদা বলের ক্রিকেটে ভারতের দাপট, আইসিসির এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষে শুভমনেরা, নেমে গেল পাকিস্তান

২০২৫ সালের মে মাস থেকে হওয়া ম্যাচগুলির উপর ভিত্তি করে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। ২০২৭ সালের ৩১ মার্চের হিসাবে ক্রমতালিকায় প্রথম আটটি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ২০:৪১
picture of cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টির পাশাপাশি এক দিনের ক্রিকেটের ক্রমতালিকাতেও শীর্ষস্থান ধরে রাখল ভারত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে রেটিং কমলেও জায়গা ধরে রেখেছেন শুভমন গিলেরা। যা সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের দাপটের প্রতিফলন।

আগের ক্রমতালিকায় ভারতীয় দলের রেটিং ছিল ১১৯। নতুন তালিকায় তা কমে হয়েছে ১১৮। তাতে অবশ্য সমস্যা হয়নি। এক নম্বর জায়গা ধরে রেখেছে গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ীরা। দ্বিতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। কিউয়িদের রেটিং ১১৩। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ১০৯। এক ধাপ উঠে চতুর্থ স্থানে আগামী বছরের এক দিনের বিশ্বকাপের অন্যতম আয়োজক দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের রেটিং ১০২।

ক্রমতালিকায় প্রথম দশে থাকা এক মাত্র দেশ হিসাবে নেমে গিয়েছে পাকিস্তান। এক ধাপ পিছিয়ে পাকিস্তান রয়েছে পাঁচ নম্বরে। সলমন আঘার দলের রেটিং ৯৮। তার পর ছ’নম্বরে এশিয়ার আর এক দেশ শ্রীলঙ্কা। তাদের রেটিং ৯৬। সাত নম্বরে আফগানিস্তান। তাদের রেটিং ৯৩। আট নম্বরে রয়েছে ইংল্যান্ড। হ্যারি ব্রুকের দলের রেটিং ৮৯। ক্রমতালিকায় ন’নম্বরে বাংলাদেশ। তাদের রেটিং ৮৪। ১০ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ক্যারিবিয়ানদের রেটিং ৭৪। এর পর এক ধাপ উঠে ১১ নম্বরে আয়ারল্যান্ড (৫৪) এবং এক ধাপ নেমে ১২ নম্বরে রয়েছে জ়িম্বাবোয়ে (৫৩)।

২০২৫ সালের মে মাস থেকে হওয়া ম্যাচগুলির উপর ভিত্তি করে ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। এর উপর নির্ভর করবে আগামী এক দিনের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ। ২০২৭ সালের ৩১ মার্চ ক্রমতালিকায় প্রথম আটটি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। আয়োজক হিসাবে দক্ষিণ আফ্রিকা এবং জ়িম্বাবোয়ে সরাসরি খেলার সুযোগ পাবে। দক্ষিণ আফ্রিকা প্রথম আট দলের মধ্যে থাকায় ক্রমতালিকায় নবম দল সরাসরি বিশ্বকাপ খেলবে। আবার জ়িম্বাবোয়েও প্রথম আটের মধ্য ঢুকে পড়লে ক্রমতালিকায় প্রথম ১০টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে।

ICC Ranking ODI Indian Cricket team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy