Advertisement
E-Paper

হঠাৎ সুযোগ মিলেছিল বিশ্বকাপে! ‘ঘৃণা এবং নেতিবাচক মন্তব্য করা হয়েছে’, আফসোস নিয়েই বিদায় ভারতের ‘থ্রিডি’ ক্রিকেটারের

অবসর নিলেন ভারতের ক্রিকেটার বিজয় শঙ্কর। শুক্রবার সমাজমাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বিজয় জানিয়েছেন, তাঁকে ক্রিকেটজীবনে ঘৃণা এবং নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৯:১৪
cricket

বিজয় শঙ্কর। — ফাইল চিত্র।

অবসর নিলেন ভারতের ক্রিকেটার বিজয় শঙ্কর। শুক্রবার সমাজমাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বিজয় জানিয়েছেন, তাঁকে ক্রিকেটজীবনে ঘৃণা এবং নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেট ব্যাট তুলে রাখছেন না। বিদেশের লিগে খেলার বিকল্প খোলা রেখেছেন বিজয়।

২০১২-য় তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় বিজয়ের। ১৩ বছর নিজের রাজ্যের হয়ে খেলার পর ২০২৫-২৬ মরসুমে যোগ দেন ত্রিপুরায়। তামিলনাড়ুর হয়ে বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটেও খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৭টি ম্যাচ খেলে ৪২৫৩ রান করেছেন এবং ৪৩টি উইকেট নিয়েছেন। ১১২টি লিস্ট ম্যাচে ২৭৯০ রান করেছেন এবং ৭৩টি উইকেট নিয়েছেন। এ ছাড়া ১৫৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫৮৩ রান করেছেন এবং ৩৮টি উইকেট নিয়েছেন।

২০১৯ বিশ্বকাপে আচমকাই ভারতীয় দলে নেওয়া হয়েছিল বিজয়কে। তৎকালীন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বিজয়ের বর্ণনা করেছিলেন ‘থ্রিডি’ বা ত্রিমাত্রিক ক্রিকেটার হিসাবে, অর্থাৎ যিনি ব্যাট, বল এবং ফিল্ডিং তিনটেই করতে পারেন। বাদ দেওয়া হয়েছিল অম্বাতি রায়ডুকে। পরে রায়ডু লিখেছিলেন, তিনি ‘থ্রিডি’ চশমা পরে বিশ্বকাপ দেখবেন। বিজয় মাত্র তিনটি ম্যাচ খেলে চোটে ছিটকে গিয়েছিলেন।

ভারতের হয়ে ২০১৮-১৯ সময়ের মধ্যে ১২টি এক দিনের ম্যাচ এবং ৯টি টি-টোয়েন্টি খেলেছিলেন বিজয়। আইপিএলে ২০১৩-য় অভিযান শুরু চেন্নাইয়ের হয়ে। এর পর ২০১৭-য় হায়দরাবাদ, পরের বছর দিল্লি, ২০১৯-২১ আবার হায়দরাবাদে খেলেন। ২০২২-এ গুজরাতের চ্যাম্পিয়ন দলেও ছিলেন তিনি। ২০২৫-এ চেন্নাইয়ে ফিরলেও ভাল খেলতে পারেননি। তার পর দল পাননি। ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বিদেশের লিগে খেলতে বাধা নেই বিজয়ের।

Vijay Shankar BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy