Advertisement
E-Paper

টানা হারের জেরে মুম্বই শিবিরে অশান্তি! ফিল্ডিং সাজানো নিয়ে হার্দিক-বুমরাহ তর্ক, বোলারের দাবি মানলেন না অধিনায়ক

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করার পর আইপিএলে হেরেই চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ব্যর্থতার সঙ্গী হার্দিক পাণ্ড্যের দলের অশান্তি। ফিল্ডিং সাজানো নিয়ে জসপ্রীত বুমরাহের সঙ্গে তর্ক অধিনায়কের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১২:৫৫
picture of cricket

(বাঁ দিকে) হার্দিক পাণ্ড্য এবং জসপ্রীত বুমরাহ (ডান দিকে)। ছবি: এক্স।

আইপিএলে হেরেই চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা চারটি ম্যাচ জিততে পারেনি হার্দিক পাণ্ড্যের দল। তাঁর নেতৃত্ব নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে দলের মধ্যে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তা প্রকাশ্যে চলে এসেছে জসপ্রীত বুমরাহের বিরক্তি প্রকাশে।

ফিল্ডিং সাজানো নিয়ে হার্দিকের সঙ্গে বুমরাহের মতান্তর প্রকাশ্যে চলে এসেছে। পঞ্জাব ম্যাচে পছন্দমতো ফিল্ডিং না পেয়ে অধিনায়কের উপর বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে বুমরাহকে, যা নিয়ে মুম্বই শিবিরের পরিবেশ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

মুম্বই-পঞ্জাব ম্যাচের পর সমাজমাধ্যমে একটি ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বুমরাহ ওভার শুরু করার আগে হার্দিক নিজের পরিকল্পনামতো ফিল্ডিং সাজাচ্ছেন। অধিনায়কের সাজানো ফিল্ডিং পছন্দ হয়নি জোরে বোলারের। তিনি বিরক্তি এবং অসন্তোষ প্রকাশ করে কিছু পরিবর্তন করতে বলেন। হার্দিকের সঙ্গে তর্কও করেন বুমরাহ। শেষপর্যন্ত হার্দিকের সাজিয়ে দেওয়া ফিল্ডিং নিয়েই ওভার শুরু করেন। যদিও বুমরাহকে দেখে হতাশ লাগছিল।

Advertisement

ওই ওভারের পরের দিকে ফিল্ডারদের নির্দেশ দেওয়ার সময় হার্দিককে বেশ উত্তেজিত দেখিয়েছে। মুম্বই অধিনায়কের কথা বলার ধরন দেখে মনে হয়েছে, বেশ রেগে ছিলেন। সব কিছু দেখে ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে শান্তির পরিবেশ নেই। দলের প্রধান বোলারের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে হার্দিক আগে ঠিক ভাবে কথা বলেননি বলেও মনে করছেন কেউ কেউ।

পঞ্জাবের কাছে হারের পর টানা ব্যর্থতার দায় দলের উপর চাপিয়েছেন হার্দিক। নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে পারেননি মুম্বই অধিনায়ক। তিনি বলেন, ‘‘সত্যি বলতে, এই মুহূর্তে কিছু বলার নেই। আমাদের সকলকে একসঙ্গে বসে কারণ খুঁজতে হবে। ব্যক্তিগত ব্যর্থতা না দলগত ব্যর্থতা না পরিকল্পনার ঘাটতি থাকছে, খুঁজে বের করতে হবে। আমরা আলোচনা করে দ্রুত সমাধান খোঁজার চেষ্টা করব।’’

এর পর ইঙ্গিতপূর্ণ ভাবে হার্দিক বলেন, ‘‘আমাদের হয়তো কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হবে। না হলে একই দল নিয়ে পরিস্থিতি পরিবর্তনের কথা ভাবতে হবে। কয়েকটা প্রশ্ন বেশ কঠিন, যেগুলোর উত্তর আমাদেরই দিতে হবে। হ্যাঁ, ব্যর্থতার দায়ও নিতে হবে।’’

হার্দিকের এই মন্তব্য নিয়েও তৈরি হয়েছে জল্পনা। মুম্বই অধিনায়ক কি কয়েক জনের পারফরম্যান্সে সন্তুষ্ট নন? তাঁদের প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার কথা ভাবছেন? উল্লেখ্য, আইপিএলে পাঁচটি ম্যাচ খেলার পরও উইকেটহীন বুমরাহ।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়ে গেল প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হল না উদ্বোধনী অনুষ্ঠান।
  • আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে বোর্ড।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার।
Mumbai Indians Hardik Pandya Jasprit Bumrah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy