পাকিস্তানের জাতীয় দলে শেষ খেলেছেন গত বছর নভেম্বর মাসে। যিনি নিজের দেশের জাতীয় দলে সুযোগই পান না, সেই হাসান নওয়াজ় হুমকি দিয়েছেন ভারতীয় বোলারদের। তাঁর মতে, ভারতীয় বোলারদের তিনি ঘৃণা করেন। তাই তাঁদের সামনে পেলেই বড় রান করবেন।
স্থানীয় এক সংবাদমাধ্যমে হাসান বলেন, “ভারতের বিরুদ্ধে খেলতে নামলে আলাদা আবেগ কাজ করে। সত্যি বলতে, আমি ওদের সব বোলারকে ঘৃণা করি। তাই ওদের সামনে পেলেই আক্রমণাত্মক খেলব। বড় রান করব। যদি সুযোগ পাই, তা হলে করে দেখাব।”
হাসান জানিয়েছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, বড় শট খেলতে ভয় পান না তিনি। হাসান বলেন, “যদি ওভারে ১০, ১২, ১৫ রান দরকার হয়, তখনও আমি ভয় পাই না। বোলার দেখি না। বড় শট মারার চেষ্টা করি। যতটা সম্ভব রান করার চেষ্টা করি।”
বড় বড় দাবি করলেও ভারতীয় বোলারদের বিরুদ্ধে তাঁর রেকর্ড আহামরি কিছু নয়। গত বছর ভারতের বিরুদ্ধে এশিয়া কাপে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। সাত বলে ৫ রান করেছিলেন। অর্থাৎ, কিছুই করতে পারেননি তিনি।
আরও পড়ুন:
স্বাভাবিক ভাবেই হাসানের এই মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পাকিস্তানের অনেক সমর্থকই হাসানের নিন্দা করেছেন। তাঁদের মতে, এত বড় দাবি করার আগে হাসানকে কিছু অন্তত প্রমাণ করতে হত। কিন্তু তিনি তা করতে পারেননি। পাকিস্তানের হয়ে চারটি এক দিন ও ২৫ টি-টোয়েন্টি খেলেছেন। এক দিনের কেরিয়ারে ১১৩ ও টি-টোয়েন্টিতে ৪৫৭ রান করেছেন। দীর্ঘ দিন ধরে পাকিস্তানের জাতীয় দলে সুযোগও পান না। ফলে এত বড় হুঁশিয়ারি দেওয়ার কোনও যৌক্তিকতা নেই।
এ বারের পাকিস্তান সুপার লিগে কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্সে খেলছেন হাসান। ১০ ম্যাচে ২৯.১ গড়ে ২৯১ রান করেছেন। দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। পাকিস্তান সুপার লিগে ভাল খেলে পাকিস্তানের জাতীয় দলে ফিরতে মরিয়া হাসান। তার আগেই ভারতীয় বোলারদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি।