রবিবার বাংলাদেশের কাছে তৃতীয় এক দিনের ম্যাচে হেরে সিরিজ় খুইয়েছে পাকিস্তান। নিজেরা সিরিজ় হেরে সুবিধা করে দিয়েছে বাংলাদেশের। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব নির্ভর করে এক দিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ের উপর। পরের বছর বিশ্বকাপ হবে ১৪টি দেশের। আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং জ়িম্বাবোয়ে সরাসরি খেলার সুযোগ পাবে। আরও আটটি দেশ র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি যোগ্যতা অর্জন করবে। বাকি চারটি জায়গা পূরণ হবে যোগ্যতা অর্জন পর্বের ফলাফলের ভিত্তিতে। সেই খেলা হবে ২০২৭-এর মাঝামাঝি।
২০২৬-এর মার্চ পর্যন্ত এক দিনের ক্রিকেটে বাংলাদেশের র্যাঙ্কিং ১০। তবে পাকিস্তানকে হারানোর সুবাদে তারা ৯-এ উঠে আসতে পারে। প্রথম আটে দক্ষিণ আফ্রিকা থাকার সুবাদে তাদের জায়গায় র্যাঙ্কিংয়ে ৯ নম্বর দল বিশ্বকাপে সরাসরি খেলতে পারে। বাংলাদেশ এই জায়গা ধরে রাখতে পারলে তারা সরাসরি বিশ্বকাপ খেলবে।
আরও পড়ুন:
বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী যে দল সরাসরি বিশ্বকাপে খেলবে। তিনি বলেছেন, “নিঃসন্দেহে আমাদের শুরুটা ভাল ভাবে হল। ২০২৭ বিশ্বকাপে খেলাই আমাদের লক্ষ্য। যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দল হিসাবে এগিয়ে যাই তা হলে সবই সম্ভব। বাইরের আওয়াজে কান দিলে চলবে। যারা এখন খেলছে তাদের উপরে ভরসা রাখতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ভরসা রাখতে হবে।”