Advertisement
E-Paper

বিশ্বকাপের সুপার এইটে ছয় দল, বাদ পড়ল আট! বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ছয়, কার সামনে কী অঙ্ক

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের দিকে। ইতিমধ্যেই সুপার এইটে জায়গা করে নিয়েছে ছ’টি দেশ। সুপার এইটের লড়াই থেকে বাদ পড়েছে আটটি দেশ। এখনও দু’টি জায়গার জন্য লড়াই চলছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৩
cricket

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

মঙ্গলবার কানাডাকে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে নিউ জ়িল্যান্ড। ষষ্ঠ দল হিসাবে নক আউটে উঠেছে তারা। কানাডার যুবরাজ সামরা শতরান করেও দলকে জেতাতে পারেননি। বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের দিকে। ইতিমধ্যেই সুপার এইটে জায়গা করে নিয়েছে ছ’টি দেশ। সুপার এইটের লড়াই থেকে বাদ পড়েছে আটটি দেশ। এখনও দু’টি জায়গার জন্য লড়াই চলছে।

সেই দুই জায়গায় কারা উঠতে পারে তার জন্য প্রতিটি দলের সামনে রয়েছে আলাদা আলাদা অঙ্ক।

গ্রুপ এ

সুপার এইটে উঠেছে — ভারত

বাদ গিয়েছে — নামিবিয়া

বাকি একটি জায়গার জন্য তিনটি দল লড়াই রয়েছে। তারা হল পাকিস্তান, আমেরিকা ও নেদারল্যান্ডস।

পাকিস্তান (পয়েন্ট ৪, নেট রানরেট -০.৪০৩) — বুধবার গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতে পারলেই সুপার এইটে জায়গা করে নেবে তারা। হারলেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবেন সলমন আলি আঘারা। কারণ, সে ক্ষেত্রে আমেরিকার সঙ্গে পয়েন্ট সমান থাকলেও নেট রানরেট কম হবে পাকিস্তানের।

আমেরিকা (পয়েন্ট ৪, নেট রানরেট +০.৭৮৭) — আমেরিকার কোনও ম্যাচ বাকি নেই। তাদের সুপার এইটে ওঠা অন্য দলের খেলার উপর নির্ভর করছে। পাকিস্তান নামিবিয়াকে হারালে বিদায় নেবে আমেরিকা। পাকিস্তান হারলে সুযোগ থাকবে তাদের। সে ক্ষেত্রে ভারতের কাছে হারতে হবে নেদারল্যান্ডসকে। বা ভারত হারলেও তফাত কম থাকতে হবে। সে ক্ষেত্রে পয়েন্ট সমান হলেও নেট রানরেটে নক আউটে যাবে আমেরিকা।

নেদারল্যান্ডস (পয়েন্ট ২, নেট রানরেট -১.৩৫২) — পাকিস্তান জিতলে নেদারল্যান্ডসের স্বপ্ন শেষ। যদি পাকিস্তান হারে তার পরেও শেষ ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে তাদের। তবেই একমাত্র নেট রানরেটে সুপার এইটে উঠতে পারবে নেদারল্যান্ডস।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রুপ বি

সুপার এইটে উঠেছে — শ্রীলঙ্কা

বাদ গিয়েছে — ওমান

বাকি একটি জায়গার জন্য তিনটি দল লড়াই রয়েছে। তারা হল জ়িম্বাবোয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড।

জ়িম্বাবোয়ে (পয়েন্ট ৪, নেট রানরেট +১.৯৮৪) — মঙ্গলবার আয়ারল্যান্ডকে হারাতে পারলেই সুপার এইটে উঠে যাবে জ়িম্বাবোয়ে। শ্রীলঙ্কায় বৃষ্টি হচ্ছে। ফলে খেলা যদি ভেস্তে যায় তা হলে ১ পয়েন্ট পাবে জ়িম্বাবোয়ে। সে ক্ষেত্রেও সুপার এইটে উঠে যাবে তারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে।

অস্ট্রেলিয়া (পয়েন্ট ২, নেট রানরেট +০.৪১৪) — জ়িম্বাবোয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে দিলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। একমাত্র জ়িম্বাবোয়ে হারলে সামান্য সুযোগ থাকবে তাদের। সে ক্ষেত্রে শেষ ম্যাচে ওমানকে হারাতে হবে। তার পর প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন জ়িম্বাবোয়েকে হারিয়ে দেয়। তবেই নেট রানরেটে সুপার এইটে ওঠার সুযোগ থাকবে অস্ট্রেলিয়ার। অর্থাৎ, তাদের সামনে অঙ্ক বেশ কঠিন।

আয়ারল্যান্ড (পয়েন্ট ২, নেট রানরেট +০.১৫০) — জ়িম্বাবোয়েকে হারাতেই হবে। তার পর প্রার্থনা করতে হবে শেষ ম্যাচে জ়িম্বাবোয়ে শ্রীলঙ্কার কাছে ও অস্ট্রেলিয়া ওমানের কাছে হারে। তবেই নেট রানরেটে তাদের সুযোগ থাকবে নক আউটে যাওয়ার। অর্থাৎ, তাদের সামনে অঙ্ক বেশ কঠিন।

গ্রুপ সি

সুপার এইটে উঠেছে — ওয়েস্ট ইন্ডিজ়, ইংল্যান্ড।

বাদ গিয়েছে — স্কটল্যান্ড, ইটালি ও নেপাল।

অর্থাৎ, এই গ্রুপ থেকে দুই দল সুপার এইটে উঠে গিয়েছে। এই গ্রুপের বাকি খেলার উপর কিছু নির্ভর করছে না।

গ্রুপ ডি

সুপার এইটে উঠেছে — দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড।

বাদ গিয়েছে — আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও কানাডা।

অর্থাৎ, সি গ্রুপের মতো এই গ্রুপ থেকেও দুই দল সুপার এইটে উঠে গিয়েছে। এই গ্রুপের বাকি খেলার উপর কিছু নির্ভর করছে না।

ICC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy