Advertisement
E-Paper

বৈভবের হ্যামস্ট্রিংয়ের চোট কতটা গুরুতর, পরের ম্যাচ খেলতে পারবে? হায়দরাবাদ ম্যাচের পর জানালেন রাজস্থানের ব্যাটিং কোচ রাঠৌর

সানরাইজার্স হায়দরাবাদের ইনিংসের চতুর্থ ওভারে বাউন্ডারি বাঁচানোর জন্য দৌড়োচ্ছিল বৈভব সূর্যবংশী। সে সময় তার হ্যামস্ট্রিংয়ে টান ধরে। পরে রাজস্থান রয়্যালসের ফিজিয়ো তাকে নিয়ে মাঠ ছাড়েন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১০:৩৬
picture of cricket

বৈভব সূর্যবংশী। ছবি: রয়টার্স।

সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ফিল্ডিং করার সময় শনিবার হ্যামস্ট্রিংয়ে টান ধরে বৈভব সূর্যবংশীর। এক সতীর্থ এবং ফিজিয়োর সাহায্য নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান রয়্যালসের ওপেনার। ১৫ বছরের ক্রিকেটারের চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়। ম্যাচের পর রাজস্থানের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর অবশ্য ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করেছেন।

হায়দরাবাদের ইনিংসের চতুর্থ ওভারে বাউন্ডারি বাঁচানোর জন্য দৌড়োচ্ছিল বৈভব। সে সময় তার হ্যামস্ট্রিংয়ে টান ধরে। পায়ে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে বৈভব। রাজস্থানের ফিজিয়ো প্রাথমিক শুশ্রূষার পর বৈভবকে নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান। মাঠ ছাড়ার সময়ও বৈভব ভাল করে মাটিতে পা ফেলতে পারছিল না। আগামী ২৮ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে কি খেলতে পারবে? কিশোর ব্যাটারকে নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

ম্যাচের পর রাঠৌরকে প্রশ্ন করা হয় বৈভবের চোট নিয়ে। রাজস্থানের ব্যাটিং কোচ বলেছেন, ‘‘বৈভবের হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা লাগছিল। আপাতত ওকে ঠিকঠাকই মনে হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন ভাল আছে। দু’এক দিনের মধ্যে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। প্রাথমিক ভাবে গুরুতর কিছু নয় বলেই মনে হচ্ছে।’’

বৈভবের চোট গুরুতর হলে সমস্যায় পড়তে পারে রাজস্থান। বিহারের ব্যাটার বেশ ভাল ফর্মে রয়েছে আইপিএলে। শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে ৩৭ বলে ১০৩ রানের ইনিংস খেলেছে। তার ব্যাট থেকে এসেছে ৫টি চার এবং ১২টি ছক্কা। ৩৬ বলে শতরান পূর্ণ করে বৈভব। আইপিএলে দ্বিতীয় শতরান করার পাশাপাশি বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছে বৈভব।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
Vaibhav Sooryavanshi Injury Vikram Rathour Rajasthan Royals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy