Advertisement
E-Paper

সুদীপের শতরানে লড়াই বাংলার, রঞ্জি সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ব্যর্থ ব্যাটিং, পাড়িক্কল-রাহুলের শতরানে স্বস্তিতে কর্নাটক

রঞ্জি সেমিফাইনালে কল্যাণীতে জম্মু-কাশ্মীরের মুখোমুখি বাংলা। চেনা ২২ গজেও প্রথম ইনিংসে প্রত্যাশিত পারফর্ম করতে পারলেন না বাংলার প্রথম সারির ব্যাটারেরা। ব্যতিক্রম সুদীপ ঘরামি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১২
picture of cricket

শতরানের পর সুদীপ ঘরামি। ছবি: পিটিআই।

রঞ্জি ট্রফির সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রত্যাশিত ব্যাটিং করতে পারল না বাংলা। প্রথম সারির তিন ব্যাটার ব্যর্থ হলেন প্রথম ইনিংসে। প্রথম দিনের খেলার শেষে অভিমন্যু ঈশ্বরণের দলের রান ৫ উইকেটে ২৪৯। ১৩৬ রান করে অপরাজিত রয়েছেন সুদীপ ঘরামি। তিনি এক দিক আগলে না রাখলে আরও খারাপ হত বাংলার অবস্থা। অন্য সেমিফাইনালে শতরান করেছেন কর্নাটকের লোকেশ রাহুল এবং দেবদত্ত পাড়িক্কল।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জম্মু-কাশ্মীরের অধিনায়ক পরশ দোগরা। কল্যাণীর চেনা ২২ গজে প্রথমে ব্যাট করার সুযোগ পেলেও শুরুটা ভাল করতে পারেনি বাংলা। দিনের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান সুদীপ চট্টোপাধ্যায়। পরিস্থিতি সামাল দেন অন্য ওপেনার ঈশ্বরণ এবং তিন নম্বরে নামা সুদীপ। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৮৫ রান। ৪৯ রানে আউট হয়ে যান বাংলার অধিনায়ক। তার পর আবার চাপে পড়ে যায় বাংলা। রান পেলেন না চার নম্বরে নামা সুরজ সিন্ধু জয়সওয়াল (০) এবং পাঁচ নম্বরে নামা অনুষ্টুপ মজুমদার (১৪)। চাপের মুখেও ২২ গজের এক প্রান্ত আগলে রাখেন সুদীপ। কোয়ার্টার ফাইনালে ২৯৯ রানের ইনিংস খেলার পর সেমিফাইনালেও দলকে ভরসা দিচ্ছেন সিউড়ির তরুণ। তাঁর অপরাজিত ১৩৬ রানের ইনিংসে রয়েছে ১৯টি চার এবং ১টি ছয়। ছ’নম্বরে নেমে শাহবাজ় আহমেদ করেন ৪২। তিনি বাংলার ইনিংসের ৮০তম ওভারে আউট হওয়ার পর দিনের খেলা শেষ বলে ঘোষণা করেন আম্পায়ারেরা।

জম্মু-কাশ্মীরের বোলারদের মধ্যে সফলতম সুনীল কুমার ৩১ রানে ২ উইকেট নিয়েছেন। আকিব নবি ৪৮ রানে ২ উইকেট নিয়েছেন। ৮০ রানে ১ উইকেট আবিদ মুস্তাক।

অন্য সেমিফাইনালে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ভাল জায়গায় কর্নাটক। প্রথম দিনের শেষে পাড়িক্কলের দলের রান ২ উইকেটে ৩৫৫। কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও শতরান করলেন রাহুল। ১১টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে ১৪১ রান করেন। ব্যর্থ অন্য ওপেনার ময়াঙ্ক আগারওয়াল (৫)। তিন নম্বরে নেমে শতরান করেছেন পাড়িক্কলও। দিনের শেষে তিনি ১৪৮ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় উইকেটের জুটিতে রাহুলের সঙ্গে কর্নাটক অধিনায়ক তুলেছেন ২৭৮ রান। পাড়িক্কলের ব্যাট থেকে এসেছে ১৬টি চার এবং ২টি ছয়। দিনের শেষে তাঁর সঙ্গে ২২ গজে রয়েছেন করুণ নায়ার (অপরাজিত ৩৭)। উত্তরাখণ্ডের আদিত্য রাওয়াত ৭৩ রানে ২ উইকেট নিয়েছেন।

Ranji Trophy 2025-26 bengal jammu kashmir Sudip Gharami KL Rahul
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy