Advertisement
E-Paper

পুত্র অর্জুনের বিয়ে, সচিন পরিবার নিয়ে নিমন্ত্রণ জানিয়ে এলেন রাষ্ট্রপতি, মোদী, শাহ, রাহুলকে

আগামী ৫ মার্চ অর্জুন তেন্ডুলকর এবং তাঁর বাগ্‌দত্তা সানিয়া চন্দোকের বিয়ে। বিয়ের অনুষ্ঠান শুরু হবে ৩ মার্চ থেকে। ছেলের বিয়েতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন সচিন তেন্ডুলকর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২
picture of cricket

তেন্ডুলকর এবং চন্দোক পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

ছেলের বিয়ের নিমন্ত্রণ শুরু করে দিলেন সচিন তেন্ডুলকর। মঙ্গলবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীদের বাসভবনে গিয়ে তাঁদের নিমন্ত্রণ করেন সচিন।

সপরিবারে নিমন্ত্রণ করতে যান সচিন। তাঁর সঙ্গে স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর, মেয়ে সারা তেন্ডুলকর, ছেলে অর্জুন তেন্ডুলকর ছিলেন। ছিলেন সচিনের হবু পুত্রবধু সানিয়া চন্দোক এবং তাঁর পরিবারের সদস্যেরাও। সচিন নিজে সকলের হাতে অর্জুন-সানিয়ার বিয়ের আমন্ত্রণপত্র তুলে দেন। আগামী ৫ মার্চ তাঁদের বিয়ে। বিয়ের অনুষ্ঠান শুরু হবে ৩ মার্চ থেকে। প্রাক্তন ক্রিকেটার নিজেই সমাজমাধ্যমে নিমন্ত্রণ করার কথা জানিয়েছেন।

গত বছর অগস্টে অর্জুনের সঙ্গে সানিয়ার বাগ্‌দান হয়। ঘরোয়া সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’পরিবারের সদস্যেরা এবং কয়েক জন ঘনিষ্ঠ বন্ধু। মুম্বইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার।

আগামী আইপিএলে অর্জুনকে দেখা যাবে কলকাতা শিল্পপতি সঞ্জীব গোয়েন্‌কার দল লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে। গত মরসুম পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলতেন অলরাউন্ডার অর্জুন। গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন অর্জুন। সানিয়ার নিজের ব্যবসা রয়েছে। পারিবারিক ব্যবসাও দেখাশোনা করেন সানিয়া।

Sachin Tendulkar Narendra Modi Rahul Gandhi Draupadi Murmu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy