Advertisement
E-Paper

বিশ্বকাপ খেলতে এসে এক সপ্তাহ কলকাতায় আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ় দল

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে কলকাতায় আটকে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। অবশেষে বাড়ি ফিরছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৭:৩৫
cricket

ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকা দলের চার ক্রিকেটার। ছবি: পিটিআই।

অবশেষে স্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। বিশ্বকাপের লড়াই শেষ হওয়ার পরেও দেশে ফিরতে পারছিলেন না তাঁরা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আটকে পড়েছিলেন কলকাতায়। অবশেষে তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ১ মার্চ থেকে ওয়েস্ট ইন্ডিজ় ও ৪ মার্চ থেকে কলকাতায় আটকে ছিলেন দু’দলের ক্রিকেটারেরা। ৮ মার্চ বিশ্বকাপও শেষ হয়ে গিয়েছে। এক সপ্তাহ কলকাতায় আটকে থাকার পর বাড়ি ফিরছেন তাঁরা। আইসিসি এই কথা জানিয়েছে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা একটি বিবৃতিতে বলেছে, “গত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের বাকি ২৯ সদস্য ও ওয়েস্ট ইন্ডিজ় দলের শেষ ১৬ সদস্য বিমানে রওনা হয়েছেন। ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে আর কোনও ক্রিকেটার আটকে নেই। সকলে দেশে ফিরে গিয়েছেন বা পথে রয়েছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁদের সুরক্ষার দিকে নজর রাখা হয়েছে।”

আইসিসি আরও জানিয়েছে, যুদ্ধের মধ্যে ক্রিকেটারদের দেশে ফেরানো সহজ ছিল না। বিবৃতিতে বলা হয়েছে, “গোটা সময় ধরে বিভিন্ন দেশের সরকার, বেসরকারি ও সরকারি বিমানসংস্থা, চার্টার্ড বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছে আইসিসি। যাতে ক্রিকেটারদের দেশে ফেরানোর সময় কোনও সমস্যা না হয় সে দিকে নজর রাখা হয়েছে। পুরো বন্দোবস্ত হওয়ার পরেই ক্রিকেটারদের ফেরত পাঠানো হয়েছে।”

চলতি সপ্তাহের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ়ের ন’জন ক্রিকেটার বাড়ি ফিরেছিলেন। এ বার বাকিরাও ফিরে গিয়েছেন। দু’দলের ক্রিকেটারদের কলকাতা থেকে প্রথমে জোহানেসবার্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদের নিয়ে বিমান অ্যান্টিগায় যাবে।

আমেরিকা ও ইজ়রায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ায় বেশ কয়েকটি দেশে বিমানবন্দর বন্ধ রয়েছে। ফলে বিশ্বকাপ শেষেও ক্রিকেটারেরা ভারত ছাড়তে পারেননি। জ়িম্বাবোয়েও দিল্লিতে আটকে গিয়েছিল। তবে সেমিফাইনালে বিদায়ের পরের দিনই দেশে ফিরে গিয়েছিল ইংল্যান্ড। এই ঘটনায় বিতর্ক হয়েছিল। ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল। অবশেষে সব দলই দেশে ফিরে গেল।

West Indies Cricket South Africa Cricket Team T20 World Cup 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy