Advertisement
E-Paper

কানাডাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু গত বারের রানার্স দক্ষিণ আফ্রিকার, জিতল জ়িম্বাবোয়েও

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল, আমেরিকা, নেদারল্যান্ডসের মতো দলগুলোর খেলা ক্রিকেটপ্রেমীদের উৎসাহ বাড়িয়েছে। ওমান এবং কানাডা সেই উৎসাহ বজায় রাখতে পারল না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৪
picture of cricket

এডেন মার্করাম। ছবি: আইসিসি।

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল গত বারের রানার্স দক্ষিণ আফ্রিকা। কানাডাকে ৫৭ রানে হারালেন এডেন মার্করামেরা। অন্য দিকে, ওমানকে ৮ উইকেটে হারাল জ়িম্বাবোয়ে।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল, আমেরিকা, নেদারল্যান্ডসের মতো দলগুলো জিততে না পারলেও বড় দলগুলিকে সমস্যা ফেলেছে। সে দিক থেকে হতাশ করল কানাডা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করলেন দিলপ্রীত বাজওয়ারা।

টস জিতে অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কানাডার অধিনায়ক। প্রথমে ব্যাট করার সুযোগ হাতছাড়া করেননি প্রোটিয়ারা। ৪ উইকেটে ২১৩ রান তোলে মার্করামের দল। মার্করাম নিজে ওপেন করতে নেমে করেন ৩২ বলে ৫৯। ১০টি চার এবং ১টি ছয় মারেন তিনি। কুইন্টন ডি কক করেন ২২ বলে ২৫। রায়ান রিকলটন ২১ বলে ৩৩ রান করেন তিন নম্বরে ব্যাট করতে নেমে। তবে কানাডার বিরুদ্ধে রান পেলেন না ডেওয়াল্ড ব্রেভিস (৬)। শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন ডেভিড মিলার এবং ট্রিস্টান স্টাবস। মিলার ১টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৩৯ রান করেন। স্টাবসের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩৪ রান। ২টি করে চার এবং ছক্কা মারেন তিনি।

কানাডার কোনও বোলারই দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেননি। তার মধ্যেই নজর কাড়লেন অলরাউন্ডার অনশ পটেল। তিনি ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া ৪০ রানে ১ উইকেট দিলপ্রীতের।

ব্যাট করার সময়ও কানাডাকে বিশ্বকাপসুলভ দল বলে মনে হয়নি। তিন নম্বরে নামা নবনীত ঢালিওয়াল এবং ছ’নম্বরে নামা হর্ষ ঠাকের ছাড়া কেউ ২২ গজে দাঁড়াতেই পারেননি। হর্ষ করেন ২৯ বলে ৩৩। ২টি চার এবং ছয় মারেন তিনি। নবনীত ৭টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত কানাডা করে ৮ উইকেটে ১৫৬।

দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার লুঙ্গি এনগিডি ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন। ৩০ রানে ২ উইকেট মার্কো জানসেনের। ২৭ রানে ১ উইকেট নিয়েছেন কর্বিন বস। ৪০ রানে ১ উইকেট কাগিসো রাবাডার।

সোমবার দ্বিতীয় ম্যাচে ওমানের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে জ়িম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে ওমান করে ১৯.৫ ওভারে ১০৩। সর্বোচ্চ বিনায়ক শুক্লর ২১ বলে ২৮। সুফিয়ান মেহমুদ করেন ৩৯ বলে ২৫। জ়িম্বাবোয়ের সফলতম বোলার ব্লেসিং মুজ়ারাবানি ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৭ রানে ৩ উইকেট রিচার্ড নারাভার। ১৮ রানে ৩ উইকেট ব্র্যাড ইভান্সের। জবাবে ১৩.৩ ওভারে ২ উইকেটে ১০৬ রান করে জ়িম্বাবোয়ে। ওপেনার ব্রায়ান বেনেট ৩৬ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৭টি চার মারেন তিনি। এ ছাড়া ব্রেন্ডন টেলর ৩০ বলে ৩১ রান করার আহত হয়ে মাঠ ছাড়েন। ওমানের সফলতম বোলার সুফিয়ান ১২ রানে ২ উইকেট নিয়েছেন।

T20 World Cup 2026 South Africa Zimbabwe Canada Oman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy