Advertisement
E-Paper

সেমিফাইনালের আগে ইংরেজ শিবিরে দুই শিক্ষক! রোহিত আর আইপিএল

ভারতের বিরুদ্ধে অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নামবে ইংল্যান্ড। তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার কথা বলছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ১৫:০৭
ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে রোহিতের কথা বলছেন ইংরেজ অধিনায়ক বাটলার।

ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে রোহিতের কথা বলছেন ইংরেজ অধিনায়ক বাটলার। —ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নামার আগে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের মুখে রোহিত শর্মার নাম। ভারত অধিনায়কের কথা বলছেন তিনি। বাটলারের মনে পড়ছে রোহিতের অধিনায়কত্বে তাঁর আইপিএল খেলার কথা। রোহিত এবং আইপিএল-ই ইংরেজ শিবিরে শিক্ষকের কাজ করছে।

আইপিএলে বাটলারের অভিষেক হয়েছিল রোহিতের দলের হয়ে। ২০১৬ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম বার আইপিএল খেলতে নেমেছিলেন তিনি। দু’বছর মুম্বইয়ের হয়ে খেলেছেন বাটলার। সেই সময় অধিনায়ক রোহিতকে কাছ থেকে দেখেছেন তিনি। সেই স্মৃতি টেনে এনেছেন বাটলার।

ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে সংবাদমাধ্যমে বাটলার বলেছেন, ‘‘ভারত খুব শক্তিশালী দল। রোহিতও খুব ভাল অধিনায়ক। ওকে আইপিএলে দেখেছি। ক্রিকেটারদের অনেক স্বাধীনতা দেয় রোহিত। আইপিএলে প্রথম বছরে খেলার সময় আমার বয়স কম ছিল। কিন্তু তার পরেও আমার কথা রোহিত শুনত। সব কিছু শুনে সিদ্ধান্ত নিত। তাই ও এতটা সফল।’’

রোহিতের ঠান্ডা মাথা ব্যাট করার সময়ও তাঁকে অনেক সাহায্য করে বলে মনে করেন বাটলার। ইংরেজ অধিনায়ক বলেছেন, ‘‘রোহিতের মাথা খুব ঠান্ডা। তাই ব্যাট করার সময়ও রোহিত বেশি চাপ নেয় না। যে ভাবে নেটে ব্যাট করে, সে ভাবেই মাঠে নেমে খেলে রোহিত। অতিরিক্ত চাপ নেয় না। খুব সাবলীল ব্যাট করে রোহিত।’’

অন্য দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে প্রথম একাদশ নিয়ে চিন্তায় রোহিত। সাংবাদিক বৈঠকে দল নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জবাব দেননি। বলেছেন, ‘‘বিশ্বকাপের আগেই প্রত্যেককে বলা হয়েছিল তৈরি থাকতে। যাকে যে ম্যাচে দরকার হবে তাকে সেই ম্যাচে খেলানো হবে। সেটা সেমিফাইনাল হতে পারে, বা ফাইনালও হতে পারে। প্রত্যেক ক্রিকেটারকে তৈরি থাকতে হবে।’’

বিশ্বকাপ শুরু হওয়ার আগে রোহিত জানিয়েছিলেন, তাঁর দলে ফিনিশারের ভূমিকা পালন করবেন দীনেশ কার্তিক। প্রথম চারটি ম্যাচে খেলেছেন তিনি। কিন্তু শেষ ম্যাচে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর বদলে খেলানো হয়েছে ঋষভ পন্থকে। তা হলে কি সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও পন্থকে খেলানো হবে? না কি আবার দলে ফিরবেন কার্তিক? এই প্রশ্ন ঘুরছে ভারতীয় সমর্থকদের মনে।

কার্তিক-পন্থ প্রশ্নের জবাবেও সরাসরি কিছু বলেননি রোহিত। তিনি বলেছেন, ‘‘আমি জ়িম্বাবোয়ে ম্যাচের আগেও বলেছিলাম, পন্থ একমাত্র ক্রিকেটার যে কোনও ম্যাচে খেলেনি। পার্‌থে দুটো প্রস্তুতি ম্যাচে খেলেছিল পন্থ। কিন্তু তার পর থেকে আর সুযোগ পায়নি। তাই ওকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। যদি সেমিফাইনাল বা ফাইনালে ওকে খেলাতে হয় তা হলে তার আগে একটা ম্যাচ ওকে সুযোগ দিতে চেয়েছিলাম। হঠাৎ করে নকআউটের মতো ম্যাচে নামিয়ে দিতে চাইনি। সেই কারণেই ওকে নেওয়া হয়েছিল।’’

Jos Buttler T20 World Cup 2022 Rohit Sharma IPL India vs England
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy