Advertisement
E-Paper

সকলে বলছে রবিবার ভারত এগিয়ে, আনন্দবাজার ডট কম বলছে তিন জায়গায় এগিয়ে থেকে নামবে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সার্বিক পরিসংখ্যানে অনেকটাই পিছিয়ে পাকিস্তান। আট বারের সাক্ষাতে সাত বার হেরেছে তারা। কিন্তু রবিবার তিনটি ক্ষেত্রে এগিয়ে নামবেন সলমন আলি আঘারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৪
cricket

পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র।

বড় প্রতিযোগিতায় পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে ভারত। সে এক দিনের বিশ্বকাপ হোক, বা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কুড়ি-বিশের বিশ্বকাপের সার্বিক পরিসংখ্যানে অনেকটাই পিছিয়ে পাকিস্তান। আট বারের সাক্ষাতে সাত বার হেরেছে তারা। কিন্তু রবিবার পরিস্থিতি আলাদা। এ বারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের থেকে তিনটি ক্ষেত্রে এগিয়ে নামবেন সলমন আলি আঘারা।

১) শ্রীলঙ্কায় খেলার সুবিধা

হাইব্রিড মডেলে এ বার পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে। তিনটি ম্যাচ কলম্বোর সিংহলিস স্পোর্টস ক্লাবে। একটি ম্যাচ হবে কলম্বোরই প্রেমদাসায়। ভারতের বিরুদ্ধে রবিবার প্রেমদাসায় খেলবে পাকিস্তান। বিশ্বকাপ শুরুর বেশ কয়েক দিন আগে কলম্বোয় পৌঁছে গিয়েছিল পাকিস্তান দল। সেখানে অনুশীলন করেছে তারা। শুরু থেকে একই হোটেলে রয়েছেন সলমনেরা।

আগে থেকে শ্রীলঙ্কায় পৌঁছে যাওয়ায় সেখানকার পরিবেশ ও পিচ সম্পর্কে পাকিস্তান অনেক বেশি ওয়াকিবহাল। সেখানে ইতিমধ্যেই দু’টি ম্যাচ খেলে ফেলেছে তারা। যদিও ভারতের বিরুদ্ধে অন্য মাঠে খেলা, তাতে খুব একটা সমস্যা হবে না পাকিস্তানের। কারণ, শ্রীলঙ্কায় পিচের চরিত্র খুব একটা বদলায় না।

সেখানে প্রথম দুই ম্যাচ দেশের মাটিতে খেলে তার পর শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে। খুব বেশি হলে দু’দিন অনুশীলনের সুযোগ পাবেন সূর্যেরা। তার মধ্যেই সেখানকার পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নিতে হবে তাদের। ফলে কিছুটা হলেও সুবিধা থাকবে পাকিস্তানের।

২) পাকিস্তানের স্পিন-রহস্য ও অভিষেককে নিয়ে ধোঁয়াশা

প্রতিপক্ষকে স্পিনের জালে ফাঁসিয়ে হারানোর পরিকল্পনা করে ভারত। এ বার সেই জালেই ফাঁসতে পারে তারা। রবিবার ভারতের বিরুদ্ধে চার বিশেষজ্ঞ স্পিনার খেলাতে পারে পাকিস্তান। আবরার আহমেদ ও মহম্মদ নওয়াজ়ের সঙ্গে জুড়েছেন শাদাব খান। টি-টোয়েন্টিতে তাঁর অভিজ্ঞতা কম নয়। পাকিস্তানের তুরুপের তাস উসমান তারিক। প্রথম বার ভারতের ব্যাটারেরা খেলবেন তাঁর বিরুদ্ধে। তারিকের বোলিং অ্যাকশন অদ্ভুত। দেখে মনে হয়, বল করার সময় কনুই ভাঙেন। কিন্তু আইসিসি তাঁর অ্যাকশন নিয়ে কোনও পদক্ষেপ করেনি। ভারতের বিরুদ্ধে নামার আগেই হুঁশিয়ারি দিয়েছেন তারিক। আগের ম্যাচে ৩ উইকেট নিয়েছেন তিনি। তাঁর বোলিংয়ের বৈচিত্র প্রচুর। পাশাপাশি দলের ওপেনার সাইম আয়ুবও নিয়মিত বল করেন। তা-ও আবার পাওয়ার প্লে-তে। সুতরাং পাঁচ স্পিনার নিয়ে ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান।

নামিবিয়ার বিরুদ্ধেই স্পিন খেলতে সমস্যা হয়েছে ভারতের। একের পর এক উইকেট পড়েছে। রান তোলার গতি কমেছে। সেখানে পাকিস্তানের স্পিনারদের সামনে সমস্যায় পড়তে পারে ভারত। রবিবার কঠিন লড়াই সূর্যদের সামনে।

পাশাপাশি চিন্তা রয়েছে অভিষেক শর্মার খেলা নিয়েও। নামিবিয়ার বিরুদ্ধে টসের পর সূর্য বলেছেন, এক-দু’টি ম্যাচে না-ও পাওয়া যেতে পারে অভিষেককে। তিনি যদি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না পারেন, তা হলে সমস্যা বাড়বে ভারতের। গত এক বছর ধরে অভিষেক দলের এক নম্বর ওপেনার। ধারাবাহিক ভাবে সাফল্য দিয়েছেন। সেই ব্যাটারকে নিয়ে চিন্তা বাড়ছে ভারতের।

৩) মনোবল তুঙ্গে থাকা পাকিস্তান ভয়ঙ্কর

কোনও প্রতিযোগিতার শুরু থেকে পাকিস্তান ছন্দ পেয়ে গেলে তারা ভয়ঙ্কর। এ বার বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে চুনকাম করে জিতেছে তারা। সেখানে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ফলে পাকিস্তান আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে এসেছিল। এখানেও প্রথম দু’টি ম্যাচ জিতেছে তারা। প্রথম ম্যাচে চাপ থাকলেও দ্বিতীয় ম্যাচ হাসতে হাসতে জিতেছে পাকিস্তান। রানে ফিরেছেন বাবর আজ়ম। দু’টি ম্যাচ জিতে নক আউটে জায়গা প্রায় পাকা করে ফেলেছে পাকিস্তান। এখনও তাদের একটি ম্যাচ রয়েছে নামিবিয়ার বিরুদ্ধে। ফলে ভারতের বিরুদ্ধে জিততে মরিয়া হয়ে নামবে তারা। ভারত সেখানে চোট-সমস্যায় খানিকটা হলেও জেরবার। ফলে পাকিস্তান যদি আত্মবিশ্বাস নিয়ে খেলে, তা হলে চাপ হতে পারে ভারতের।

India vs Pakistan Pakistan Cricket Team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy