আফগানিস্তানের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ়কে দু’টি ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি। আফগানিস্তানের ক্রিকেটার নিজেই সমাজমাধ্যমে ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল খেলার পুরস্কার হিসাবেই এই উপহার পেয়েছেন বলে জানা গিয়েছে।
এ দিন গুরবাজ় সমাজমাধ্যমে ছবি দিয়ে লেখেছেন, “অসাধারণ একটা উপহারের জন্য অনেক ধন্যবাদ বিরাট কোহলি ভাই। তুমি শুধু একজন কিংবদন্তি নও, সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা।” গুরবাজ়ের এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
কোহলির ব্যাট উপহার দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এটাকে কার্যত প্রথা বানিয়ে ফেলেছেন তিনি। অতীতে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার, বাংলাদেশের শাকিব আল হাসান এবং ভারতের রিঙ্কু সিংহ ব্যাট উপহার পেয়েছেন কোহলির থেকে। ক্রিকেটের মাত্র একটি ফরম্যাটে খেললেও কোহলি যে কারও পারফরম্যান্সকে কুর্নিশ জানাতে ভোলেন না, এই ঘটনাই তার প্রমাণ বলে মনে করছেন সমর্থকেরা।
আরও পড়ুন:
আফগানিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওই ম্যাচে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে নাটকীয় ম্যাচ। দু’টি সুপার ওভার লেগেছে ম্যাচের ফয়সালা হতে। প্রথমে ব্যাট হাতে ৪২ বলে ৮৪ রান করেছিলেন গুরবাজ়। এর পর সুপার ওভারে তিনটি ছয় মেরেছিলেন কেশব মহারাজকে। তবু দলকে জেতাতে পারেননি।