তিন মাস পরেই বিশ্বকাপ ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। আরও এক বার লিয়োনেল মেসিকে দেখা যেতে পারে বিশ্বজয়ের লক্ষ্যে নামতে। তার আগে মঙ্গলবার দেশের মাটিতে শেষ ম্যাচ আর্জেন্টিনার। জ়াম্বিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে কি খেলবেন মেসি? এই প্রশ্নের জবাব দিলেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি।
আগের ম্যাচে মেসি বেঞ্চে ছিলেন। কিন্তু জ়াম্বিয়ার বিরুদ্ধে তিনি খেলবেন বলেই জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, “মেসি পরের ম্যাচে শুরু থেকে থাকবে।” ৩৮ বছরের মেসি আর্জেন্টিনার হয়ে আর কত দিন খেলবেন, সেই প্রশ্নের উত্তর অজানা। তবে তাঁকে অন্তত আর এক বার দেশের জার্সিতে দেখতে পাবেন সমর্থকেরা।
বিশ্বজয়ী কোচ স্কালোনি চান, মেসি বিশ্বকাপে খেলুন। তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, মেসি বিশ্বকাপে নেমে খেলা উপভোগ করতে পারবে কি না। এটাই ওর শেষ সুযোগ। আমরা চাই ও খেলুক। উপভোগ করুক। কারণ, এই সুযোগ ও আর পাবে না।”
আরও পড়ুন:
শুধু মেসি নন, আর্জেন্টিনার আরও কয়েক জন ফুটবলারের এটি শেষ বিশ্বকাপ হতে চলেছে। আগামী দিনে তরুণদের হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে তাঁরা সরে যাবেন। তার আগে শেষ বার সকলকে একসঙ্গে খেলার আহ্বান করেছেন স্কালোনি।
আর্জেন্টিনা ফুটবল সংস্থার কাছে ইতিমধ্যেই ৫৫ জনের নাম জমা দিয়েছেন স্কালোনি। সেখান থেকে মে মাসের শেষে ২৬ জনকে বেছে নেবেন তিনি। এই ২৬ জনকে নিয়ে ফুটবলের বিশ্বযুদ্ধে নামবেন তিনি। তার আগে প্রীতি ম্যাচগুলিতে সকলকে দেখে নিতে চাইছেন স্কালোনি। তবে জ়াম্বিয়ার বিরুদ্ধে যে মেসি শুরু থেকে খেলবেন, তা স্পষ্ট করে দিয়েছেন কোচ।