Advertisement
E-Paper

বিশ্বকাপে শুরুতে মেসির হারই কি রোনাল্ডোকে তাতিয়েছে সৌদির ক্লাবে যেতে, কী বললেন সিআর৭?

কেন ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? বিশ্বকাপে মেসিদের হারিয়েছে সৌদি। সে দেশে যাওয়ার পিছনে কি এটাও একটা কারণ? কী বলছেন রোনাল্ডো?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১৮:০৯
ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাবে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসের ক্লাবের মালিকের সঙ্গে রোনাল্ডো।

ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাবে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসের ক্লাবের মালিকের সঙ্গে রোনাল্ডো। ছবি: টুইটার

অবশেষে সৌদি আরবের ক্লাব আল নাসেরেই যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু কেন ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাবে গেলেন সিআর৭? বিশ্বকাপে লিয়োনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়েছে সৌদি আরব। রোনাল্ডোর সে দেশে যাওয়ার পিছনে কি সেটাও একটা কারণ? কী বলছেন রোনাল্ডো।

আল নাসেরে যোগ দেওয়ার পরে রোনাল্ডো বলেছেন, ‘‘অন্য একটি দেশের ফুটবল লিগে খেলার জন্য মুখিয়ে আছি। সৌদি আরবে পুরুষ ও মহিলাদের ফুটবলের উন্নতির জন্য আল নাসের অনেক পরিকল্পনা নিয়েছে। বিশ্বকাপে সৌদি আরবের পারফরম্যান্স আমরা সবাই দেখেছি। অনেক প্রতিভা রয়েছে। সেটাই আমাকে আকৃষ্ট করেছে।’’ উল্লেখ্য, এ বারের বিশ্বকাপে গ্রুপের মাত্র একটি ম্যাচে জিতেছে সৌদি। সেটা মেসিদের বিরুদ্ধে। সেই ম্যাচের কথাই কি বলতে চাইলেন রোনাল্ডো?

ইউরোপীয় ফুটবলে প্রায় সব ট্রফি জিতেছেন রোনাল্ডো। তাই এ বার তিনি এশিয়ার দিকে মন দিতে চান বলে জানিয়েছেন রোনাল্ডো। তাঁর কথায়, ‘‘আমি ভাগ্যবান যে ইউরোপীয় ফুটবলে প্রায় সব ট্রফি জিতেছি। তাই এশিয়াতে যাওয়ার এটাই ঠিক সময়। নতুন দলের সতীর্থদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। এই ক্লাবেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’

রোনাল্ডোকে স্বাগত জানিয়েছে আল নাসের। ক্লাবের তরফ একটি টুইটে লেখা হয়েছে, ‘নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। স্বাগত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর ফলে আমাদের ক্লাব আরও নতুন কিছু করার জন্য উদ্বুদ্ধ হবে। আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা নিজেকে সেরা করে তুলতে অনুপ্রাণিত হবে।’ ক্লাবের চেয়ারম্যান মুসাল্লি আল মুয়াম্মার লিখেছেন, ‘এই চুক্তি এক নতুন ঐতিহাসিক মুহূর্ত। রোনাল্ডো নিজে বিশ্বের সকল খেলোয়াড়ের কাছে উদাহরণ। আশা করছি তাঁর উপস্থিতিতে আল নাসের সাফল্য পাবে।’

একটি সাক্ষাৎকারে কোচ সম্পর্কে বিরূপ মন্তব্য করায় বিশ্বকাপ শুরুর আগেই রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পর্তুগাল জাতীয় দলের সতীর্থ এবং কোচ ফের্নান্দো স্যান্টোসের সঙ্গেও তাঁর বিরোধ প্রকাশ্যে এসেছিল। তার পর থেকেই নতুন ক্লাব খুঁজছিলেন রোনাল্ডো। চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাবে সই করতে। তাঁর এজেন্ট জর্জ মেন্ডেস ইউরোপের একাধিক ক্লাবের সঙ্গে যোগাযোগও করেন। কিন্তু সাড়া মেলেনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরেই তাঁকে পেতে ঝাঁপায় সৌদির আল নাসের। কিন্তু তিনি সেই সময় আগ্রহ দেখাননি। চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাব তাঁকে নিতে আগ্রহ না দেখানোয় শেষ পর্যন্ত সৌদির আল নাসেরকেই বেছে নিলেন তিনি। ইতিমধ্যেই শারীরিক পরীক্ষা হয়ে গিয়েছে তাঁর।

সৌদির সংবাদমাধ্যমের দাবি, আল নাসেরের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি সই হয়েছে রোনাল্ডোর। চুক্তির অঙ্ক বছরপ্রতি প্রায় ১৭৭৫ কোটি টাকা। আল নাসেরের আগামী ম্যাচ আল খালিজের সঙ্গে। সবাই ভেবেছিলেন এই ম্যাচের পরে রোনাল্ডোকে সই করানোর কথা ক্লাবের পক্ষ থেকে ঘোষণ করা হবে। কিন্তু আগেভাগেই তা ঘোষণা করে দিলেন আল নাসের ক্লাব কর্তৃপক্ষ। ম্যাচের ঠিক এক দিন আগে সই করায় নতুন ক্লাবের হয়ে এখনই খেলতে পারবেন না রোনাল্ডো। তাঁকে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

Cristiano Ronaldo Lionel Messi Al Nassr
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy