Advertisement
E-Paper

মাঠে নামতে মরিয়া রোনাল্ডো, সুস্থ হতে অভিনব পদ্ধতি, ৮৯৯ গোলেই আটকে মেসি

চোটে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সুস্থ হতে নিজের সংস্থার উপরেই ভরসা করছেন তিনি। অন্য দিকে মায়ামির হয়ে গোল পেলেন না মেসি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৮:৫২
football

(বাঁ দিকে) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিয়োনেল মেসি (ডান দিকে)। —ফাইল চিত্র।

দুই তারকার দুই লক্ষ্য। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ব্যস্ত চোট সারিয়ে আবার মাঠে ফিরতে। লিয়োনেল মেসির লক্ষ্য গোলে ফেরা। চোট সারাতে নিজের সংস্থার উপরেই ভরসা রেখেছেন রোনাল্ডো। মেসি চান ৯০০ গোলের মাইলফলক ছুঁতে।

২৮ ফেব্রুয়ারি সৌদির লিগে আল নাসেরের হয়ে আল ফাইহার বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন রোনাল্ডো। আপাতত মাদ্রিদে রয়েছেন তিনি। পেশির চোট থেকে সুস্থ হতে ক্রিয়ো স্পোর্ট জুতো পরে রয়েছেন রোনাল্ডো। এই জুতো তৈরি করেছে রোনাল্ডোর সংস্থা ‘আভাসিআর৭’। ২০২২ সালে এই সংস্থায় বিনিয়োগ করেছিলেন পর্তুগালের ফুটবলার।

এই বিশেষ জুতো পরে নিজের ছবিও দিয়েছেন রোনাল্ডো। গোটা পা ঢেকে রাখে এই জুতো। পেশির ফোলা ভাব কমায়। ফলে যন্ত্রণা কমে। হাওয়ার চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে এই জুতো। ভারতীয় মুদ্রায় এই জুতোর দাম ৫০ হাজার টাকা।

পেশির চোটের কারণে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রোনাল্ডোকে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ২৯ মার্চ মেক্সিকো ও ৩১ মার্চ আমেরিকার বিরুদ্ধে ম্যাচ রয়েছে পর্তুগালের। সেই দুই ম্যাচের আগে সুস্থ হতে চাইছেন রোনাল্ডো।

অন্য দিকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে নাশভিলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে মায়ামি। ৯০ মিনিট খেলেও গোল করতে পারেননি মেসি। তাঁকে কড়া নজরে রেখেছিল নাশভিল। গত শনিবার মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে নিজের কেরিয়ারের ৮৯৯তম গোল করেছিলেন মেসি। কিন্তু ৯০০তম গোল এখনও অধরা তাঁর।

জুন মাসে ৩৯ বছর বয়স হবে মেসিরা। কেরিয়ারে বার্সেলোনার হয়ে ৬৭২, প্যারিস সঁ জরমঁ-এর হয়ে ৩২ ও ইন্টার মায়ামির হয়ে ৮০ গোল করেছেন তিনি। পাশাপাশি আর্জেন্টিনার হয়ে ১১৫ গোল করেছে তাঁর।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর ম্যাচে প্রথম পর্বে গোলশূন্য ড্র হয়েছে খেলা। পরের বুধবার মায়ামির ঘরের মাঠে ফিরতি পর্ব। সেই ম্যাচে ৯০০ গোলের মাইলফলক ছুঁতে চান মেসি।

Cristiano Ronaldo Lionel Messi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy