Advertisement
E-Paper

যুদ্ধ পরিস্থিতিতেও বিশ্বকাপ ফুটবলের প্লেঅফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাক, দলের জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থা

আগামী ৩১ মার্চ বলিভিয়া-সুরিনাম ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হওয়ার কথা ইরাকের। মেক্সিকো সিটিতে এই ম্যাচ জিতলে ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপের মূলপর্বে খেলবে ইরাক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৩:১৮
picture of football

ইরাকের ফুটবল দল। ছবি: এক্স।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লেঅফ ম্যাচ খেলবে ইরাক। কয়েক দিনের অনিশ্চয়তার পর সে দেশের ফুটবল সংস্থা মেক্সিকোয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৩১ মার্চ বলিভিয়া-সুরিনাম ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হওয়ার কথা ইরাকের।

ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আদনান দিরজাল বলেছেন, ‘‘সপ্তাহের শেষে আমাদের জাতীয় দল রওনা দেবে। ফুটবলারদের মেক্সিকো যাওয়ার জন্য একটি ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করা হয়েছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমাদের জাতীয় দলের ফুটবলারেরা যে ক্লাবগুলোয় খেলে, সেই সব ক্লাবের সঙ্গে আমরা কথা বলেছি। জাতীয় দলে যাতে ফুটবলারেরা নির্দিষ্ট সময় যোগ দিতে পারে, তার ব্যবস্থা করতে বলা হয়েছে।’’

যুদ্ধ পরিস্থিতির জন্য দেশে প্রস্তুতি শিবির করাতে পারেননি ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড। বিমান চলাচল বন্ধ থাকায় তিনি নিজেও সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে রয়েছেন। এই পরিস্থিতিতে মেক্সিকোয় গিয়ে দলের প্রস্তুতির জন্য ফিফার সাহায্য চেয়েছে ইরাকের ফুটবল সংস্থা।

ইরাকের জাতীয় দলের ৬০ শতাংশ ফুটবলার দেশেরই কোনও না কোনও ক্লাবে খেলেন। বিমান চলাচল বন্ধ থাকায় তাঁরা যোগ দিতে পারেননি হোস্টনের প্রস্তুতি শিবিরে। ফলে সমস্যায় পড়েন ইরাকের কোচ। ১৯৮৬ সালে শেষ বার বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল ইরাক। এ বার আবার মূলপর্বে খেলার সুযোগ রয়েছে বলে মনে করছেন আর্নল্ড। মেক্সিকো সিটিতে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

US-Iran War FIFA World Cup 2026 Iraq play off Mexico City
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy