ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছুঁলেন তিনি। কিন্তু হাসিমুখে মাঠ ছাড়তে পারলেন না। লিয়োনেল মেসির গোল সত্ত্বেও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে ছিটকে গেল ইন্টার মায়ামি। তবে পেশাদার ফুটবলজীবনে ৯০০তম গোল করে নজির গড়লেন মেসি। এই কৃতিত্ব আছে শুধু রোনাল্ডোর।
ন্যাশভিলের বিরুদ্ধে ১-১ ড্র করে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল মায়ামি। সাত মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। ৭৪ মিনিটে সমতা ফেরান ক্রিশ্চিয়ান এসপিনোজ়া। অ্যাওয়ে গোলের নিয়মে পরের রাউন্ডে চলে গিয়েছে ন্যাশভিল। ফোর্ট লডারডেলের চেজ় স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলল মায়ামি। ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারল না তারা।
২০২৩-এ মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। ক্লাবের হয়ে ৮১টি গোল হয়ে গেল তাঁর। তিনি বার্সেলোনার হয়ে ৬৭২টি গোল করেছেন। এ ছাড়া প্যারিস সঁ জরমেঁর হয়ে ৩২টি এবং আর্জেন্টিনার হয়ে ১১৫টি গোল রয়েছে। ২১ বছর খেলার পর ৯০০টি গোল করলেন মেসি। প্রথম গোল করেছিলেন ২০০৫-এ, বার্সেলোনার হয়ে আলবাসেতের বিরুদ্ধে। রোনাল্ডোকে ছুঁতে গেলে অনেকটা পথ পেরোতে হবে তাঁকে। পর্তুগিজ় ফুটবলারের ৯৬৫টি গোল রয়েছে।
মেসির অনেক গোলের সাক্ষী থেকেছেন জ়েভিয়ার মাসচেরানো। তিনি এখন মায়ামির কোচ। বার্সেলোনা এবং আর্জেন্টিনায় মেসির পাশে বহু ম্যাচ খেলেছেন। তিনি বলেছেন, “ওর বেশির ভাগ গোলের সাক্ষী থাকতে পেরে আমি ভাগ্যবান। খুব সামনে থেকে ওর অনেকগুলো গোল দেখেছি। যে সংখ্যার (৯০০) কথা আপনারা বলছেন তা অবিশ্বাস্য। তাই জন্যই লিয়ো বাকিদের থেকে আলাদা।”
আরও পড়ুন:
এ দিকে, ৩১ মার্চ গুয়াতেমালার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচের অধিনায়ক হয়েছেন মেসি। বুয়েনোস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচটি হবে।