বাড়িতে ডাকাতি করতে এসেছিল কিছু দুষ্কৃতি। পরিবারকে রক্ষা করতে গিয়ে মারাত্মক চোট পেলেন ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার জোয়াও ক্যানসেলো। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে এ কথা জানিয়েছেন পর্তুগিজ ফুটবলার। পরে ক্লাবের তরফেও এক বিবৃতিতে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে।
ঘটনাটি কোথায় হয়েছে তা ক্যানসেলো না জানাতে চাইলেও ক্লাবের তরফে জানা গিয়েছে, নিজের বাড়িতেই এই ঘটনা ঘটেছে। ২ বছরের মেয়ে অ্যালিসিয়া এবং বান্ধবী ড্যানিয়েলা মাচাদোকে নিয়ে ম্যাঞ্চেস্টারেই থাকেন ক্যানসেলো। তিনি বলেছেন, “দুর্ভাগ্যবশত, আজ চারজন দুষ্কৃতি আমাকে আক্রমণ করেছে। আমার পরিবারকেও আঘাত করতে চেয়েছিল। বাধা দিতে গেলে এমনই হয়। ওরা সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। আমার মুখের অবস্থা এখন এ রকমই।”
আরও পড়ুন:
ক্যানসেলোর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, তাঁর ডান চোখে গভীর ক্ষত তৈরি হয়েছে। ম্যান সিটি জানিয়েছে, ফুটবলারের পাশেই রয়েছে তারা। ঘটনার তদন্ত করার ব্যাপারে পুলিশকেও সহযোগিতা করা হচ্ছে। অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছে ম্যান সিটি।